২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিষেকেই ইন্টারের জয়ের নায়ক পাজ্জিনি

অভিষেক খেলাতেই জোড়া গোল করে ও আরেকটি গোল করিয়ে রোববার 'সেরি-আ' তে ইন্টার মিলানের জয়ের নায়ক জিয়ামপাওলো পাজ্জিনি। ওই খেলায় ইন্টার ৩-২ গোলে হারায় পালের্মোকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2011, 01:54 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অভিষেক খেলাতেই জোড়া গোল করে ও আরেকটি গোল করিয়ে রোববার 'সেরি-আ' তে ইন্টার মিলানের জয়ের নায়ক জিয়ামপাওলো পাজ্জিনি। ওই খেলায় ইন্টার ৩-২ গোলে হারায় পালের্মোকে। দলের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোট ও কার্ডের কারণে বাইরে থাকায় অপেক্ষাকৃত দুর্বল দল নিয়ে মাঠে নেমেছিলো বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান। তবে নিজেদের মাঠে খেলার প্রথমার্ধেই ০-২ গোলে পিছিয়ে পড়েছিলো ইন্টার। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও বিপত্তি। পেনাল্টি, তাও আবার ইন্টারের বিপক্ষে! কিন্তু তৃতীয় গোল খাওয়া থেকে দলকে বাঁচান গোলরক্ষক জুলিয়াস সিজার। জাভিয়ার পাস্তুরির শট ঠেকিয়ে দেন তিনি। এই খেলায় হেরে গেলে শিরোপার দৌড় থেকে ইন্টারের ছিটকে পড়া প্রায় নিশ্চিত ছিলো। তাই শুক্রবারে চুক্তিবদ্ধ হওয়া দুই খেলোয়াড় পাজ্জিনি ও হোসেইন খারজাকে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামিয়ে জুয়া খেলেছিলেন ইন্টার কোচ লিওনার্দো। খেলার তখন ৫৭ মিনিট। শুরু হলো 'পাজ্জেনি ম্যাজিক' পালের্মোর রক্ষণভাগে বল নিয়ে নাড়াচাড়া করছিল ইন্টার খেলোয়াড়রা। পাজ্জেনির পায়ে বল পড়তেই সোজা গোলমুখে শট নিয়ে নেন তিনি। বল জড়িয়ে যায় পালের্মোর জালে। ৭৩ মিনিটে আবারও পাজ্জেনির গোল, তবে এবারের হেড দিয়ে। কর্ণারের কাছাকাছি জায়গা থেকে নেওয়া মাইকনের মাপা শট গিয়ে পড়ে পাজ্জেনির মাথায়। বল জালে জড়িয়ে দিয়ে খেলার সমতা ফিরিয়ে আনেন তিনি (২-২)। তার তিন মিনিট পর পাজ্জেনিকে ডি-বক্সের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেন পালের্মোর রক্ষণভাগের এক খেলোয়াড়। পেনাল্টি বাঁশি বাজান রেফারি। আর তা থেকে গোল করেন স্যামুয়েল ইতো। ৩-২ এ জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিলান। দিনের অন্যান্য খেলায় নাপোলি ৪-০ গোলে বিধ্বস্ত করে সাম্পদোরিয়াকে। রোমা-বোলোগনার খেলা তুষারপাতের কারণে পরিত্যক্ত হয়েছে আর জুভেন্টাস ১-২ গোলে হেরেছে উদিনেসের কাছে। ২১ খেলায় ইন্টারের পয়েন্ট ৩৮। তালিকার চতুর্থ স্থানে তারা। ২২ খেলায় ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৮৫৪ ঘ.