ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ লিগে সোমবার জয় পেয়েছে চট্টগ্রাম মোহামেডান ও রহমতগঞ্জ।
কক্সবাজার স্টেডিয়ামে মোহামেডান ২-১ গোলে হারিয়েছে ফরাশগঞ্জকে। আর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল জাতীয় স্টেডিয়ামে রহমতগঞ্জ ১-০ গোলে জিতেছে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে।
রহমতগঞ্জের পক্ষে খেলার ৩৭ মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় পুয়ল গোল করেন। শেষ পর্যন্ত এই এক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রহমতগঞ্জ।
এ জয়ের ফলে ১০ পয়েন্ট নিয়ে ঢাকা মোহামেডানকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এলো রহমগঞ্জ। ৬ ম্যাচে মোহামেডানের সংগ্রহ ৯ পয়েন্ট। তারা এখন ষষ্ঠ স্থানে।
আর কক্সবাজারে দিনের অন্য খেলায় শুরুতে গোল করেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ফারাশগঞ্জ। খেলার ১০ মিনিটে পুরনো ঢাকার দলটির পক্ষে জাতীয় দলের খেলোয়াড় সোহেল রানা গোল করেন। এর পর আর মাঠে খুঁজে পাওয়া যায়নি তাদের।
খেলার নিয়ন্ত্রণ চলে যায় চট্টগ্রাম মোহামেডানের দখলে। ৪৬ মিনিটে খালিদ হোসেনের করা গোলে খেলায় সমতা নিয়ে আসে তারা (১-১)। সমতায় ফিরে নুতন উদ্যমে খেলা শুরু করে চট্টগ্রামের দলটি। ফলে পাঁচ মিনিটের মধ্যে আরও একটি গোল আদায় করে নেয় তারা। ৫১ মিনিটে আরিফুল কবির ফরহাদের গোলে এগিয়ে যায় মোহামেডান (২-১)।
এ জয়ে ৭ পয়েন্ট নিয়ে দশম স্থান থেকে সপ্তম স্থানে উঠে এলো চট্টগ্রাম মোহামেডান। আর ফরাশগঞ্জ ৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থান থেকে দশম স্থানে নেমে গেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৮৪৮ ঘ.
bdnews24