২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক গোলে জিতেছে শেখ জামাল

গ্রামীণ ফোন বাংলাদেশ লিগে রোববার শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১-০ গোলে হারিয়েছে ফেনী সকার ক্লাবকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2011, 01:40 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ফোন বাংলাদেশ লিগে রোববার শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১-০ গোলে হারিয়েছে ফেনী সকার ক্লাবকে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল জাতীয় স্টেডিয়ামে খেলার একমাত্র গোলটি করেন শেখ জামালের মাঝমাঠের খেলোয়াড় মামুনুল ইসলাম। খেলার শুরুতেই গোল আদায় করে নেয় শেখ জামাল। ৯ মিনিটে শাকিল আহমেদের বাড়ানো বল থেকে পায়ের আলতো ছোঁয়ায় ফেনীর জালে বল জড়িয়ে দেন মামুনুল (১-০)। এর পরেই মনে হয়েছিল এদিন বুঝি প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসাবে শেখ জামাল। কিন্তু খেলায় দেখা গেল ভিন্ন চিত্র। সবচেয়ে বেশি তারকা নিয়ে গড়া দলটি একরকম দায়সারা ফুটবল খেলেছে। শেখ জামাল এতোটাই এলোমেলো খেলেছে যে, পরবর্তী ৮১ মিনিট তারা আর একটি গোলও আদায় করতে পারেনি। তেমন কোনো সুযোগও তৈরি করতে পারেনি তারা। বাংলাদেশ লিগে শেখ জামালের ছয় ম্যাচ থেকে এখনো কোনো গোল পাননি তারকা স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। অপর স্ট্রাইকার এনামুল হকও এ ম্যাচে পুরোপুরি ব্যর্থ ছিলেন। শেখ জামালের কোচ পাকির আলী বলেন, "দলের আক্রমণভাগ নিয়ে আমরা একটু চিন্তায় আছি। এদিনও তারা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। এলোমেলো ফুটবল খেলেছে তারা।" ফেনী সকার ক্লাবের কোচ আবু ইউসুফ জানান, " আমার দল ভালো খেলেই হেরেছে। আমি ফুটবলারদের খেলোয় সন্তুষ্ট। ভালো সুযোগ পেলে হয়তো গোলও করা সম্ভব ছিল।" এ জয়ে ৬ খেলায় ১১ পয়েন্ট নিয়ে এক লাফে তৃতীয় স্থানে উঠে এলো শেখ জামাল। এর আগে তারা পঞ্চম স্থানে ছিল। জামাল তিন খেলায় জিতেছে, দুটিতে ড্র ও একটিতে হেরেছে। আর ৬ খেলায় ফেনী সকার ক্লাবের সংগ্রহ মাত্র ৩ পয়েন্ট। তারা জেতেনি কোনো খেলায়, তিনটিতে ড্র করেছে এবং হেরেছে তিনটিতে। ফেনীর দলটির বর্তমানে একাদশ স্থানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৯২৬ ঘ.