ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা তৃতীয় খেলায় হেরে গেলো ঢাকা মোহামেডান। গ্রামীণফোন বাংলাদেশ লিগে বৃহষ্পতিবার মুক্তিযোদ্ধা সংসদের কাছে ১-০ গোলে হেরেছে তারা। এ জয়ের ফলে তালিকার শীর্ষে পৌঁছে গেলো মুক্তিযোদ্ধা।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধার পক্ষে একমাত্র গোলটি করেন আক্রমণভাগের খেলোয়াড় রোকনুজ্জামান কাঞ্চন।
খেলার ৩৪ মিনিটে দলকে এগিয়ে দেন কাঞ্চন। গোলমুখে জাহেদ পারভেজের দুর্দান্ত একটি শট মোহামেডান গোলরক্ষক তিতুমীর চৌধুরী টিটু ফিস্ট করলে ফিরতি বলে বক্সে দাঁড়ানো সুযোগ সন্ধানী স্ট্রাইকার কাঞ্চন হেড করে বল মোহামেডান জালে জড়িয়ে দেন।
প্রথমার্ধে গোল শোধের অনেক সুযোগ পেয়েছিলো মোহামেডান। কিন্তু আক্রমণভাগের খেলোয়াড়দের ব্যর্থতায় তারা একটি সুযোগও কাজে লাগাতে পারেনি।
বিশেষ করে নাইজেরিয়ার খেলোয়াড় এমেকা মাঝমাঠ থেকে এমন কোনো বলের যোগান পাননি যা থেকে গোল করা সম্ভব হতো।
নিজেদের ব্যর্থতা ঢাকতে রেফারির ওপর চড়াও হন মোহামেডানের খেলোয়াড়রা। দ্বিতীয়ার্ধে রেফারির কিছু সিদ্ধান্তের প্রতিবাদ করেন তারা। মাঠের এ উত্তেজনা গ্যালারিতেও ছড়িয়ে পড়ে।
সমর্থকরা উত্তেজিত হয়ে গ্যালারি থেকে ইট পাটকেল নিক্ষেপ করে মাঠে। এ জন্য প্রায় দশ মিনিট খেলা বন্ধ ছিল।
এ হারে মোহামেডানের পয়েন্ট থেকে গেলো সেই ৯ এ। তারা তিন খেলায় হেরেছে এবং তিনটিতে জিতেছে।
আর ৬ খেলায় ৫ জয় পাওয়া মুক্তিযোদ্ধার পয়েন্ট ১৫। তাদের একমাত্র পরাজয় শেখ জামালের বিপক্ষে (২-০)।
মোহামেডান কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, " যোগ্য দল হিসেবেই মুক্তিযোদ্ধা জিতেছে। আমরা যে সব সুযোগ পেয়েছি তা কাজে লাগাতে পারিনি।"
মুক্তিযোদ্ধা কোচ মারুফুল হক বলেন, "আমার দল ভালো খেলেছে , কিন্তু আরও বড় ব্যবধানে জয় পাওয়া সম্ভব ছিল। বিশেষ করে আকক্রমণভাগের খেলোয়াড়রা বেশ কিছু সুযোগ কাজে লাগাতে পারেনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৯৫০ ঘ.
bdnews24