ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সহজেই ভেরা জনারেভাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন কিম ক্লাইস্টার্স। শিরোপার জন্য তিনি এখন লড়বেন চীনের লি না'র বিপক্ষে।
মেয়েদের বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় ক্যারোলিন ওজনিয়াকিকে হারিয়ে চীনা খেলোয়াড় হিসেবে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে পৌঁছেন লি না।
মেলবোর্নে তীব্র উত্তেজনাপূর্ণ মেয়েদের প্রথম সেমিফাইনালে নবম বাছাই লি ৩-৬, ৭-৫ ও ৬-৩ গেমে হারান ওজনিয়াকিকে।
দ্বিতীয় সেমিফাইনালে ইউএস ওপেন চ্যাম্পিয়ন ক্লাইস্টার্স শুরু থেকেই চেপে ধরেন বিশ্ব র্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা জনারেভাকে। ৬-৩ ও ৬-৩ গেমে সহজেই হারান তাকে। ক্লাইস্টার্সের এই জয় মূলত ফ্লাশিং মিডোসের গত বছরের সেপ্টেম্বরের খেলার কথাই মনে করিয়ে দেয়।
এদিকে এই মৌসুমে এখনো হার মানেননি ২৮ বছর বয়সী লি। এটি নিয়ে টানা জয় পেলেন তিনি ১১ খেলায়। এ মাসের প্রথম দিকে সিডনি ইন্টারন্যাশনালে প্রথম সেটে ৫-০ তে পিছিয়ে পড়েও ওজনিয়াকির বিপক্ষে জেতেন তিনি।
মেলবোর্নেও ২ ঘন্টা ৩৫ মিনিটের লড়াইয়ে কয়েকবার পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়ান লি। এ নিয়ে পরপর তিনবার জিতলেন তিনি বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের সঙ্গে।
এর আগে লি'র দেশের ইয়ান জি ও ঝেং জিয়ে মেয়েদের দ্বৈতে দু'বার গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জেতেন। কিন্তু লি-ই একমাত্র চীনা খেলোয়াড়, যার সামনে রয়েছে মেয়েদের এককে শিরোপা জেতার হাতছানি।
খেলায় জেতার পর লি বলেন, "অবশ্যই, এটি আমার সারা জীবনের জন্য একটা চমৎকার অভিজ্ঞতা। কেননা অনেক চীনা খেলোয়াড় অনেকদিন ধরে খেলেছেন। কিন্তু কেউ কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮২৭ ঘ.
bdnews24