ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হঠাৎ রমনা টেনিস কমপ্লেক্সে এলেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। বুধবার অনুশীলন করলেন অনেকটা সময় ধরে।
স্বামী পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে ঢাকায় আসেন তিনি মঙ্গলবার। মোহামেডানের হয়ে খেলছেন শোয়েব।
কিন্তু একটু সময়ও নষ্ট করতে রাজি নন সানিয়া। তাই অনুশীলন করতে বিকেল সাড়ে ৩টায় চলে আসেন টেনিস কমপ্লেক্সে। অনুশীলনও করেন দীর্ঘ সময় ধরে। আর শোয়েব মালিকও স্ত্রীর অনুশীলন দেখেন এক নম্বর কোর্টের পাশে বসে।
টেনিস কমপ্লেক্সে এসে পৌঁছালে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ তাকে স্বাগত জানান। এর আগে সানিয়া অবশ্য টেনিস কমপ্লেক্সে অনুশীলন করার অনুমতি চেয়ে নেন।
পরে সানিয়া বলেন, "আমি শ্রীলঙ্কায় বাংলাদেশের খেলোয়াড়দের খেলা দেখেছি। তারা অনেক উন্নতি করেছে। আমি আশা করছি সামনের দিনগুলোয় তারা আরো ভালো করবে।"
একিকে সানিয়াকে ঢাকায় টেনিস খেলার আমন্ত্রণ জানানো হয়। তিনি সরাসরি তা নাকচ করেননি। তবে বলেন, "আপনারা আমার এজেন্টের সঙ্গে কথা বলতে পারেন। পরে আমি এই বিষয়টি নিয়ে ভেবে দেখবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮৩৪ ঘ.
bdnews24