২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেলকে হারিয়ে মুক্তিযোদ্ধা শীর্ষে

বাংলাদেশ লিগে প্রথম হারের স্বাদ নিতে হলো শেখ রাসেল ক্রীড়া চক্রকে। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ৩-০ গোলে হারিয়েছে তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2011, 01:26 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুায়ারি ২৪ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগে প্রথম হারের স্বাদ নিতে হলো শেখ রাসেল ক্রীড়া চক্রকে। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ৩-০ গোলে হারিয়েছে তাদের। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মুক্তিযোদ্ধার পক্ষে দু'টি গোল করেন মিথুন চৌধুরী। অন্য গোলটি দেন রজনী কান্ত বর্মণ। লিগে এর আগে কোনো খেলায় না হারায় শেখ রাসেল ছিল পয়েন্ট তালিকায় শীর্ষে। কিন্তু মুক্তিযোদ্ধার কাছে হেরে ১০ পয়েন্ট নিয়ে তারা নেমে গেলো দ্বিতীয় স্থানে। শেখ রাসেল তিন খেলায় জিতেছে, একটিতে ড্র করেছে ও হার মেনেছে একটিতে। সমান খেলায় ১২ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা উঠে গেছে তালিকার শীর্ষে। দলটি হেরেছে কেবল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে। মুক্তিযোদ্ধা খেলার প্রথমার্ধেই এগিয়ে যায় ২-০ গোলে। খেলার ১৮ মিনিটে বিপ্লব ভট্টাচার্যের ভাসানো ফ্রি-কিক মাথা দিয়ে মিথুন চৌধুরী পাঠিয়ে দেন শেখ রাসেলের জালে। গোলক্ষক মামুন খান এগিয়ে না এলে নাও হতে পারতো গোলটি। এর ১১ মিনিট পর দ্বিতীয় গোলের দেখা পায় মুক্তিযোদ্ধা। দলের আর্জেন্টিনার রক্ষণভাগের খেলোয়াড় লুসিয়ানোর ফ্রি-কিক থেকে রজনীও গোল করেন মাথা দিয়ে। খেলার শেষ মিনিটে শেখ রাসেলের কফিনে শেষ পেরেকটি ঠোকেন মিথুন (৩-০)। আলমগীর রানার কাছ থেকে আড়াআড়িভাবে বল পেয়ে গোলরক্ষকের পাশ দিয়ে জালে বল পাঠিয়ে দেন তিনি। খেলায় জিতে মুক্তিযোদ্ধা কোচ মারুফুল হক বলেন, "খেলোয়াড়রা ভালো খেলায় জিততে পেরেছি। তবে তারা দু'একটা সহজ সুযোগ নষ্ট না করলে ব্যবধান আরো বাড়ানো হয়তো সম্ভব হতো।" শেখ রাসেল কোচ মাহমুদুল হক লিটন বলেন, "আমরা শুধু সহজ সুযোগই নষ্ট করিনি, উল্টো গোল খেয়েছি নিজেদের দোষে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯১৭ ঘ.