ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার জন্য বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা করা হবে ১৯ জানুয়ারি।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেকনিক্যাল কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে সোমবার এ কথা জানান ক্রিকেট অপরেশন্স কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ।
দল ঘোষণায় বিলম্বের কারণ সম্পর্কে তিনি বলেন, "দল নির্বাচনের কাজ বেশ কয়েকদিন ধরেই চলছে। হাতে সময় আছে তাই আমরা সময় নিচ্ছি।" মাশরাফি বিন মর্তুজা পুরো সুস্থ নন। এছাড়া চিকিৎসকের প্রতিবেদন, বাজেট ও বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতিসহ আরো কিছু বিষয় আছে বলে তিনি জানান।
এনায়েত হোসেন বলেন, "যারা যোগ্য তারাই দলে সুযোগ পাবেন।"
সভায় বাজেট, বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতিসহ আরো কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান।
নির্বাচকদের সঙ্গে টেকনিক্যাল কমিটির এই সভাকে তিনি বর্ণনা করেন আনুষ্ঠানিকতা হিসেবে।
এনায়েত হোসেন বলেন, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে দল নির্বাচন করা হয়ে থাকে। তবে দল নির্বাচনে সব ধরনের স্বাধীনতা নির্বাচকদের দেয়া হয়েছে। তাদের সিদ্ধান্তই চূড়ান্ত।
নির্বাচকদের উপর তাদের আস্থা আছে বলে জানিয়ে তিনি বলেন, কিন্তু টেকনিক্যাল কমিটির সঙ্গে আলোচনা করা নিয়ম। মাঠ, মাঠের বাইরেরও কিছু ব্যাপার আছে, সেগুলো নিয়ে আলোচনা করতে হয়।
১৯ জানুয়ারি দল ঘোষণা করা হলেও ৮ ফেব্র"য়ারি পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) খরচেই অনুশীলন করবে বাংলাদেশ দল। ৯ ফেব্র"য়ারি থেকে সাকিবের দল চলে যাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অধীনে।
১৫ সদস্যের দলের কেউ ব্যাক্তিগত কিংবা চোটের কারণে বিশ্বকাপে খেলতে না পারলে বিকল্প খেলোয়াড় নেয়া যাবে প্রাথমিক দলের অবশিষ্ট ১৫ জনের মধ্য থেকে। তবে এজন্য বাংলাদেশের ম্যানেজারকে আইসিসির টেকনিক্যাল কমিটির সঙ্গে আলোচনা করতে হবে।
এনায়েত হোসেন জানান, ১ থেকে ৪ ফেব্র"য়ারি পর্যন্ত চট্টগ্রামে অনুশীলন করবে বাংলাদেশ দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/১৯২০ ঘ.
bdnews24