২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পয়েন্ট খোয়ালো ম্যান ইউ ও এসি মিলান

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার ১০ জনের ম্যানচেস্টার ইউনাইটেডকে রুখে দিয়েছে টটেনহ্যাম হটস্পার। খেলায় কোনো দলই গোল করতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 02:43 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার ১০ জনের ম্যানচেস্টার ইউনাইটেডকে রুখে দিয়েছে টটেনহ্যাম হটস্পার। খেলায় কোনো দলই গোল করতে পারেনি। ইতালি'র সেরি 'আ'তে এসি মিলান ও লেচ্চির খেলাটি ১-১ গোলে অমীমাংসিত থাকে। শুরু থেকেই ম্যান ইউ'র সঙ্গে পাল্লা দিয়ে খেলতে থাকে টটেনহ্যাম। অ্যালেক্স ফার্গুসনের দলই বরং কিছুটা মারমুখী ছিল। এরই মাসুল গুনতে হলো ৭৪ মিনিটে। দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে বাধ্য হন ম্যান ইউর রক্ষণভাগের খেলোয়াড় ব্রাজিলের রাফায়েল। দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যাওয়ার নিশ্চিত দু'টি সুযোগ নষ্ট করেন ম্যান ইউর আক্রমণভাগের খেলোয়াড় ওয়েন রুনি। প্রথম সুযোগটি রুনির ভুলে নষ্ট হয়। দ্বিতীয়বার চমৎকার দক্ষতায় দলকে বাঁচিয়ে দেন টটেনহ্যাম গোলরক্ষক। এ নিয়ে লিগে টানা ২১ খেলায় অপরাজিত থাকলো ম্যান ইউ। দিনের অন্যান্য খেলায় বার্মিংহাম ও অ্যাস্টন ভিলা (১-১), লিভারপুল ও এভারটন (২-২) এবং সান্ডারল্যান্ড ও নিউক্যাসলের (১-১) খেলা অমীমাংসিতভাবে শেষ হয়। পয়েন্ট খোয়ালেও শীর্ষস্থান ধরে রাখতে অসুবিধা হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। ২১ খেলায় দলটির পয়েন্ট ৪৫। পয়েন্ট সমান হলেও গোল গড়ে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। এদিকে সেরি আ'র শীর্ষ দল এসি মিলান শুরু থেকেই চেপে ধরে রেলিগেশনের ঝুঁকিতে থাকা লেচ্চিকে। মিলানকে ঠেকাতে রক্ষণাত্মক ফুটবল খেলতে থাকে লেচ্চি। তাদের এ কৌশল প্রথমার্ধে কাজেও লাগে। কোনো গোল ছাড়াই বিরতিতে যায় দল দু'টি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে দলকে এগিয়ে নেন মিলানের আক্রমণভাগের খেলোয়াড় ইব্রাহিমোভিচ। আরো কয়েকটি গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি মিলানের খেলোয়াড়রা। আর ৮২ মিনিটে খেলার ধারার বিপরীতে গোল করে সমতা ফেরান লেচ্চির রুবেন অলিভার। এরপর আর কোনো দলই গোলের দেখা পায়নি। দিনের অন্যান্য খেলায় লাৎসিও ১-০ গোলে স্যাম্পদোরিয়াকে, এএস রোমা একই ব্যবধানে চেসেনাকে ও উদিনেস ৪-০ গোলে জেনোয়াকে হারিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০১৫ ঘ.