ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকায় পৌঁছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হার দেখতে হলো দলের কোচ পাকির আলীকে। গ্রামীণফোন বাংলাদেশ লিগে সোমবার নিজেদের চতুর্থ খেলায় অপেক্ষাকৃত দুর্বল দল আরামবাগ ক্রীড়া সংঘের কাছে ১-০ গোলে হার মানে শেখ জামাল।
লিগে আরামবাগের এটি প্রথম জয়।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল জাতীয় স্টেডিয়ামে ৩৫ মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন আরামবাগের আক্রমণভাগের বিদেশী খেলোয়াড় বাঙ্গুরা ইসমাইল।
তাকে শেখ জামালের রক্ষণভাগের খেলোয়াড় মদো হুগয়েজ অবৈধভাবে বাধা দিলে রেফারি আব্দুল হান্নান মিরন পেনাল্টির নির্দেশ দেন।
গোল খেয়ে তা শোধ করতে মরিয়া হয়ে খেলতে থাকে শেখ জামাল। একের পর এক আক্রমণ চালতে থাকে তারা। তবে আরামবাগের রক্ষণভাগ রুখে দেয় সব আক্রমণ। ফলে কোনো গোল আদায় করতে পারেনি শেখ জামাল।
গোল না পাওয়ার জন্য শেখ জামালের আক্রমণভাগও কিছুটা দায়ী। অপেক্ষাকৃত ভালো খেললেও বল গোলপোস্টে পাঠানোর মতো ধার জামালের আক্রমণভাগের খেলোয়াড়দের ছিলো না।
এই জয়ের ফলে আরামবাগের পয়েন্ট ৪। আর শেখ জামালের পয়েন্ট ৫।
এদিনই কোচ হিসেবে শেখ জামালে যোগ দেন শ্রীলঙ্কার পাকির আলী।
খেলা শেষে পাকির আলী বলেন, "এটা অবশ্যই দুঃখজনক। তবে হার-জিত খেলারই অংশ।"
আরামবাগ কোচ মিলন মোল্লা বলেন, "দিনটি আমাদের কাছে স্মরণীয়। লিগের সবচেয়ে ভালো দলগুলোর একটিকে হারিয়েছি। আমাদের খেলোয়াড়রা অসাধারণ খেলেছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/টিআর/২০৩১ ঘ.
bdnews24