২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ফেডারেশন গুলোকে বিওএ'র আওতায় নেয়া ঠিক হবে না'

কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান উজ জামান মনি বলেছেন, ক্রীড়া ফেডারেশন গুলোকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) আওতায় নেয়া ঠিক হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2011, 03:45 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান উজ জামান মনি বলেছেন, ক্রীড়া ফেডারেশন গুলোকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) আওতায় নেয়া ঠিক হবে না। ফেডারেশন গুলোকে বিওএ'র আওতায় নেয়ার জন্য ২০০৮ সালের ৬ জানুয়ারি একটি প্রজ্ঞাপন জারী করা হয়েছিল। জাতীয় ক্রীড়া পরিষদে এক সংবাদ সম্মেলনে মনি বলেন, "ফেডারেশ গুলো জাতীয় ক্রীড়া পরিষদের আওতায় থাকাই ভালো। যদিও ২০০৮ সালে জরুরি অবস্থার সময় বিওএ ফেডারেশন গুলোকে তাদের আওতায় নিতে চেয়েছিল।" এতে ক্রীড়াঙ্গনে গভীর সঙ্কট দেখা দিত বলে মনে করেন তিনি। তিনি বলেন, "এটি ঠেকাতে আমি আদালতে পর্যন্ত গেছি। নইলে জাতীয় ক্রীড়া পরিষদের প্রায় চার শ'র বেশি কর্মচারী চাকরি হারাতেন। তাই আদালত প্রজ্ঞাপনটি স্থগিত ঘোষণা করে।" বিওএ'র বর্তমান সহ-সভাপতি মিজানুর রহমান মানু তার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে বলেন, "ওই সিদ্ধান্তটি আমার কাছে সঠিক বলে মনে হয়নি। কারণ বিওএ চলবে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার অধীনে। আর ক্রীড়া পরিষদ ও ক্রীড়া মন্ত্রণালয় চলবে বাংলাদেশ সরকারের অধীনে।" মনি বলেন, "তারা সে সময় বোঝাতে চেয়েছিলেন সারা বিশ্বে ক্রীড়া ফেডারেশনগুলো চলে অলিম্পিক সংস্থার অধীনে। তাই তারা বাংলাদেশেও এমনটা চেয়েছিলেন। অথচ এই ভুল ব্যাখ্যা দিয়ে তারা তা বাস্তবায়ন করতে চেয়েছিলেন। কিন্তু পারেননি। তিনি অভিযোগ করেন, কয়েক দিন আগে আবার ক্রীড়া প্রতিমন্ত্রী বুঝিয়ে তা আবার বাস্তবায়ন করার চেষ্টা করেন তারা। কিন্তু এবারও সফল হবেন না তারা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এনআই/২১২৬ ঘ.