ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ৪-৩ গোলে হারিয়েছে উলভারহ্যাম্পটনকে। চেলসি ২-০ গোলে জিতেছে ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে। ওয়েস্টহ্যাম ইউনাইটেড ০-৩ গোলে হার মেনেছে আর্সেনালের কাছে।
ইতালির সেরি-'আ'তে শিরোপা প্রত্যাশী ইন্টার মিলান ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বোলোগনাকে। স্পেনের লা লিগায় ভিলারিয়াল ৪-২ গোলে জিতেছে ওসাসুনার বিপক্ষে।
উলভারহ্যাম্পটনকে নিজের মাঠে হারাতে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে ম্যানচেস্টার সিটিকে। গত অক্টোবরে উলভসের বিপক্ষে হারের তেতো স্বাদ নিতে হয়েছিল ম্যান সিটিকে। ১২ মিনিটে নেনাদ মিলিজাসের গোলে উলভস এগিয়ে গেলে আবারো হারের শঙ্কায় পড়ে দলটি। কিন্তু ৪০ মিনিটে গোল করে ম্যান সিটিকে খেলায় ফিরিয়ে নিয়ে আনেন কালু তোরে।
দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের মধ্যে ম্যান সিটির তারকা খেলোয়াড় কার্লোস তেভেজের জোড়া ও ইয়োইয়ো তোরের গোলে খেলায় ১-৪ ব্যবধানে এগিয়ে যায় ম্যান সিটি। উলভসের হয়ে ৬৮ মিনিটে কেভিন ডয়লি ও ৮৬ মিনিট রোনাল্ড জুবার দু'টি গোল শোধ করলেও কাজ হয়নি। শেষ পর্যন্ত হার মেনেই মাঠ ছাড়তে হয় উলভকে।
ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে চেলসির পক্ষে গোল দু'টি করেছেন ব্রানিসলাভ ইভানোভিচ ও নিকোলাস অ্যানেলকা। দু'টি গোলই করেন তারা খেলার দ্বিতীয়ার্ধে।
রবিন ফন পার্সির জোড়া ও থিও ওয়ালকটের গোলে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে ০-৩ গোলে জেতে আর্সেনাল।
ম্যান সিটি ২৩ খেলায় ৪৫ পয়েন্ট নিয়ে আছে তালিকার শীর্ষে। ২২ খেলায় আর্সেনালের পয়েন্ট ৪৩। আর চেলসির সংগ্রহ ৩৮ পয়েন্ট।
সেরি 'আ'তে স্যামুয়েল ইতোর জোড়া গোলে বোলোগনাকে ১-৪ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় ষষ্ঠ থেকে চতুর্থ স্থানে উঠে এসেছে ইন্টার মিলান। দলের পক্ষে বাকি দু'টি গোল করেন দিয়েগো মিলিতো ও দেজান স্তানকোভিচ।
পয়েন্ট তালিকায় দলটির সংগ্রহ ৩২। ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এসি মিলান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/এনআই/১৮৩৪ ঘ.
bdnews24