ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ফোন বাংলাদেশ লিগে শনিবার ব্রাদার্স ইউনিয়ন ও শেখ রাসেলের খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়। খেলায় উভয় দলই ২টি করে গোল করে।
তবে পয়েন্ট খোয়ালেও তালিকার শীর্ষে পৌঁছে গেছে শেখ রাসেল। চার খেলায় তাদের পয়েন্ট দশ। সমান খেলায় নয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় ঢাকা মোহামেডান।
খেলার ৩২ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন শেখ রাসেলের মোহাম্মদ ইউসুফ। ইমরুলের শট গোল লাইনের ওপর থেকে ফিরিয়ে দেন ব্রাদার্সের রক্ষণভাগের খেলোয়াড় অপু। তবে শেষ রক্ষা হয়নি। বল গিয়ে পড়ে ফাঁকায় দাঁড়ানো ইউসুফের পায়ে। চমৎকারভাবে তা জালে জড়িয়ে দেন ইউসুফ।
৯ মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন শেখ রাসেলের দক্ষিণ আফ্রিকার আক্রমণভাগের খেলোয়াড় চাহরুত।
দুই গোলে পিছিয়ে পড়ে মরিয়া হয়ে খেলতে থাকে ব্রাদার্স। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫ ১) গোল করে ব্যবধান কমান ব্রাদার্সের বিচা রিচার্ড। সতীর্থ ড্যানিয়েলের কাছ থেকে পাওয়া বল তীব্র শটে জালে জড়িয়ে দেন তিনি।
দ্বিতীয়ার্ধে উভয় দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ৫৫ মিনিটে গোল করে খেলায় সমতা ফেরান ব্রাদার্সের বদলি খেলোয়াড় তপু। মাহমুদের হাওয়ায় ভাসানো বল মাথা দিয়ে মারেন রিচার্ড। তবে তা ক্রসবারে লেগে ফিরে আসে। সেই বল ধরে গোল করেন তপু।
খেলায় সমতা ফেরানোর সঙ্গে সঙ্গে নিজেদের ছন্দও ফিরে পায় ব্রাদার্স। তবে গোলের অনেক সুযোগ সৃষ্টি করতে পারলেও সফলতার মুখ দেখতে পারেনি তারা। বিশেষ করে খেলায় ৬৪ মিনিটে ব্রাদার্সের ফয়সাল মাহমুদ ফাঁকা পোস্ট পেয়েও গোল করতে পারেননি। শেষ পর্যন্ত ২-২ সমতায় খেলা শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২০২৪ ঘ.
bdnews24