২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার অঘটনের শিকার মোহামেডান

টানা তিন খেলায় জেতার পর হারের স্বাদ নিতে হলো ঢাকা মোহামেডানকে। গ্রামীণফোন বাংলাদেশ লিগে শুক্রবার তারা ০-২ গোলে হেরেছে পুরনো ঢাকার দল রহমতগঞ্জের কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2011, 02:11 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টানা তিন খেলায় জেতার পর হারের স্বাদ নিতে হলো ঢাকা মোহামেডানকে। গ্রামীণফোন বাংলাদেশ লিগে শুক্রবার তারা ০-২ গোলে হেরেছে পুরনো ঢাকার দল রহমতগঞ্জের কাছে। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রহমতগঞ্জের পক্ষে গোল করেন আফ্রিকার আক্রমণভাগের খেলোয়াড় ফেলিক্স ও ইদ্রিস। সেই সঙ্গে লিগে দ্বিতীয় অঘটনের শিকার হলো ঢাকা মোহামেডান। এর আগে ফরাশগঞ্জের কাছে ০-১ গোলে হেরে অঘটনের শিকার হয় ঢাকা আবাহনী। খেলার ৩৩ মিনিটে নাইজেরিয়ার আক্রমণভাগের খেলোয়াড় ইদ্রিসের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। বক্সের ঠিক বাইরে বল পেয়ে রক্ষণভাগের দুই খেলোয়াড়কে ফাঁকি দিয়ে ইদ্রিস বল জড়িয়ে দেন জালে। সেই সঙ্গে নিস্তব্ধতা নেমে আসে মোহামেডানের শিবিরে। এক গোল খেয়ে তা শোধ করতে মরিয়া হয়ে ওঠে সাদা-কালোর শিবির। একের পর এক আক্রমণ চালিয়ে গোলের কয়েকটি সহজ সুযোগও তৈরি করে দলটি। কিন্তু কাজে লাগাতে পারেনি সেগুলো। উল্টো দ্বিতীয়ার্ধের শুরুতে আরেকটি গোল হজম করে বসে মোহামেডান। এবার ফরাশগঞ্জের নাইজেরিয়ার আরেক খেলোয়াড় ফেলিক্স হৃদয় ভেঙে দেন মোহামেডান সমর্থকদের। মোহামেডানের গোলরক্ষকের কোনো কিছু বুঝে ওঠার আগে ৪৯ মিনিটে ফেলিক্সের দূর-পাল্লার শট আশ্রয় নেয় তাদের জালে। লিগে চার খেলায় রহমতগঞ্জের সংগ্রহ ৭ পয়েন্ট। সমান খেলায় মোহামেডানের পয়েন্ট ৯। বড় দলের বিপক্ষে জয় পেয়ে রহমতগঞ্জের কোচ আলী আজগর নাসির উচ্ছ্বসিত, "জেতার জন্যই মাঠে নেমেছিলাম। আর জয় পেয়ে আমি সন্তুষ্ট।" মোহামেডানের কোচ শফিকুল ইসলাম মানিক দুষলেন ভাগ্যকে, ''আজ (শুক্রবার) ভাগ্যদেবী আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। খেলোয়াড়দের দোষ দিয়ে কোনো লাভ নেই। তারা চেষ্টা করেছে। কিন্তু গোল করতে পারেননি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এনআই/১৯৪৯ ঘ.