ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত জয়ের ধারায় ফিরেছে ঢাকা আবাহনী। পিছিয়ে পড়েও চট্টগ্রাম মোহামেডানকে ২-১ গোলে হারিয়েছে তারা।
আগের ম্যাচে পুরনো ঢাকার দল ফরাশগঞ্জের কাছে ০-১ গোলে হেরে অনেকটাই পিছিয়ে পড়ে আবাহনী। তাই এদিনের খেলায় জয় পাওয়াটা ছিল তাদের জন্য অত্যাবশক।
বৃহস্পতিবার কক্সবাজার স্টেডিয়ামে কিন্তু শুরুতেই গোল হজম করে নিজেদের বিপদ ডেকে এনেছিল বর্তমান লিগ চ্যাম্পিয়ন দলটি।
৬৯ মিনিটে আরিফুল কবির ফরহাদের গোলে এগিয়ে যায় চট্টগ্রাম মোহামেডান।
গোলটি হজম করেই যেন ঘুম ভাঙে ঢাকা আবাহনীর। ঠিক ছয় মিনিট পর ঘানার স্ট্রাইকার ফ্রাঙ্কের গোলে খেলায় সমতা ফেরায় (১-১) নীল হলুদের শিবির।
অল্প কিছুক্ষণের মধ্যে খেলায় এগিয়েও যায় আবাহনী। ৮৬ মিনিটে সাখাওয়াত হোসেন রনি জয়সূচক গোলটি করেন ঢাকার দলটির পক্ষে।
এ জয়ের ফলে ৪ খেলায় ৭ পয়েন্ট পেয়েছে আবাহনী। তারা জিতেছে দুই খেলায়, একটিতে ড্র এবং অপরটিতে হেরেছে।
সমান ম্যাচে চট্টগ্রাম মোহামেডানের সংগ্রহ তিন পয়েন্ট। তারা এক ম্যাচে জিতেছে এবং তিন ম্যাচ হেরেছে।
প্রতিযোগিতায় শুক্রবার কমলাপুর বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম রহমতগঞ্জ এমএফএস ও ঢাকা মোহামেডান মুখোমুখি হবে। বিকেল ৪ টায় শুরু হবে ম্যাচটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/২১২৬ ঘ.
bdnews24