ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাতানো ফুটবল ম্যাচ চিহ্নিত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাহায্য নেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মঙ্গলবার পেশাদার লিগ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী সাংবাদিকদের জানান, "পাতানো ফুটবল ম্যাচ চিহ্নিত করার ওপর আমরা বিশেষভাবে নজর দেব। প্রয়োজনে সিআইডি পুলিশের সাহায্য নেব। আর প্রতিবারের মতো এবারও ভিডিও করা হবে প্রতিটি খেলা। সন্দেহ হলেই খতিয়ে দেখা হবে।"
সভায় রেফারির নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারেও আলোচনা হয়। কিছুদিন আগে ঢাকা মোহামেডানের সমর্থকদের হাতে লাঞ্ছিত হন এক রেফারি।
বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব দেয়া হয় ডিসিপ্লিনারি কমিটিকে। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে এই কমিটি।
সভায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে তাদের পরের খেলার আগেই কোচ নিয়োগের জন্য তাগাদা দেয়া হয়।
তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
এ ব্যাপারে লিগ কমিটির চেয়ারম্যান বলেন, "বিষয়টি আমাদের মাথায় রয়েছে। সুবিধা মতো কোনো এক সময়ে এই অনুষ্ঠান আয়োজন করবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০১৪ ঘ.
bdnews24