ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফিফার বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন আর্জেন্টিনার আক্রমণভাগের ফুটবলার লিওনেল মেসি। এ নিয়ে পরপর দু'বার বিশ্বসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিলেন ২৩ বছর বয়সী এই খেলোয়াড়।
বর্ষসেরা হওয়ার দৌড়ে মেসির সঙ্গে ছিলেন স্পেনের বিশ্বকাপ জয়ী দলের দুই খেলোয়াড় জাভি হার্নান্দেজ ও আন্দ্রেস ইনিয়েস্তা। কিন্তু ক্লাব ফুটবলের তার এই দুই সতীর্থকে পেছনে ফেলেন তিনি।
বিবিসি জানায়, সেরা কোচের পুরস্কার পেয়েছেন ইন্টার মিলানের সাবেক কোচ হোসে মরিনহো। তার প্রশিক্ষণেই ইন্টার মিলান গত মৌসুমে ট্রেবল জয় করে। মরিনহো এখন রিয়াল মাদ্রিদের কোচ।
মরিনহোর সঙ্গে সেরা হওয়ার দৌড়ে ছিলেন স্পেনের বিশ্বকাপ জয়ী দলের কোচ ভিনসেন্ট দেল বস্কেও।
মেসি তার প্রতিক্রিয়ায় বলেন, "বর্ষসেরা ফুটবলার হওয়ায় আমি বিস্মিত।" এর কারণ হিসেবে তিনি বলেন, বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় তিনি ভালো খেলতে পারেননি।
মূলত গত মৌসুমে ৬০টিরও বেশি গোল দেয়ায় নির্বাচকরা মেসিকেই বেছে নেন।
মেসি বলেন, "এটি আসলে বিশেষ কিছুর চেয়েও বেশি। আমার বন্ধু-বান্ধব, পরিবার, বার্সেলোনার সতীর্থ ও আর্জেন্টিনার জনগণও এর অংশীদার।"
অন্য দিকে বিশ্বকাপে চোখ ঝলসানো ফুটবল খেলেছেন জাভি ও ইনিয়েস্তা। সেই সঙ্গে প্রথমবারের মতো স্পেনকে উপহার দেন বিশ্বকাপ। চূড়ান্ত খেলায় জয়সূচক গোলটি করেন ইনিয়েস্তা।
আর মাঝমাঠে থেকে আক্রমণ ও রক্ষণভাগের মধ্যে চমৎকার সেতু রচনা করে বিস্ময়কর খেলোয়াড়ে পরিণত হন জাভি। কিন্তু তারপরও ক্লাবের হয়ে মেসির খেলাই নির্বাচকদের মন ভরিয়ে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/টিআর/১৬৩১ ঘ.
bdnews24