২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর হ্যাট্রিকে জিতেছে রিয়াল

স্পেনের লা লিগায় রোববার দু'বার পিছিয়ে পড়েও ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাট্রিকের সুবাদে রিয়াল মাদ্রিদ ৪-২ গোলে জিতেছে ভিলারিয়ালের বিপক্ষে। অন্য গোলটি দেন কাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 02:05 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় রোববার দু'বার পিছিয়ে পড়েও ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাট্রিকের সুবাদে রিয়াল মাদ্রিদ ৪-২ গোলে জিতেছে ভিলারিয়ালের বিপক্ষে। অন্য গোলটি দেন কাকা। গত বছরের এপ্রিলের পর এই প্রথম গোল করলেন কাকা। এই মৌসুমে লিগে প্রথমবারের মতো মাঠে নামেন তিনি। চোটের কারণে বিশ্বকাপের পর তিনি আর খেলেননি। খেলার ৭ মিনিটেই নিজেদের মাঠে গোল খেয়ে বসে রিয়াল মাদ্রিদ। গোল করেন ভিলারিয়ালের মাঝমাঠের খেলোয়াড় চেনি। দুই মিনিট পরই খেলায় সমতা ফেরান রোনালদো। করিম বেনজেমা রক্ষণভাগের চার খেলোয়াড়কে কাটিয়ে ভিলারিয়ালের বক্সের ডান প্রান্ত দিয়ে বল দেন ফাঁকায় থাকা মেসুত ওজিলকে। সঙ্গে সঙ্গে তিনি বল ঠেলে দেন রোনালদোকে। জালে বল জড়িয়ে দিতে কোনো অসুবিধা হয়নি তার। খেলার ১৮ মিনিটে ভিলারিয়ালকে আবারো এগিয়ে নেন মার্ক রোবেন। ব্র"নো সোরিয়ানো বল দেন রোবেনকে। তখন রোবেনের সামনে কেবল রিয়ালের গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। রোবেনের শট ধরার জন্য লাফিয়ে উঠলেও শেষ রক্ষা হয়নি। বল ঠিকই আশ্রয় নেয় জালে। পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে ওঠে রিয়াল মাদ্রিদ। বিরতির আগ মুহূর্তে জাভি অ্যালোনসোর ফ্রি-কিকে মাথা দিয়ে গোল দেন রোনালদো। দ্বিতীয়ার্ধে দু'দলই গোলের জন্য আক্রমণ চালাতে থাকে। ফলে আক্রমণ ও পাল্টা-আক্রমণে জমে ওঠে খেলা। তবে সময় গড়ানোর সঙ্গে খেলা চলে যায় রিয়ালের নিয়ন্ত্রণে। ৭৯ মিনিটে ভিলারিয়ালের রক্ষণভাগের এক খেলোয়াড়ের ভুলে বল পেয়ে যান রোনালদো। আলতো শটে তা নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দেন তিনি। সেই সঙ্গে হ্যাট্রিক পূরণসহ দলকে ৩-২ এ এগিয়ে নেন রোনালদো। যদিও এই গোল নিয়ে ভিলারিয়ালের কোচ হুয়ান কার্লোস গ্যারিদো আপত্তি তোলেন। তার অভিযোগ রোনালদো অফসাইডে ছিলেন। এছাড়া সহকারী রেফারি মূল রেফারির দৃষ্টি আকর্ষণের জন্য দু'বার চেষ্টাও করেন বলে তিনি অভিযোগ করেন। তিন মিনিট পর লিগে নিজের প্রথম গোল করেন কাকা। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে তাকে নামানো হয়। খেলায় আর কোনো গোল হয়নি। ফলে ৪-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এ জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষ দল বার্সেলোনার চেয়ে রিয়ালের পয়েন্ট ব্যবধান কমে ২-এ দাঁড়ালো। বার্সার পয়েন্ট ৪৯। ৩৬ পয়েন্ট নিয়ে ভিলারিয়াল আছে তিন নম্বরে। দিনের অন্যান্য খেলায় মালোর্কা ৪-১ গোলে জিতেছে আলমেরিয়ার বিপক্ষে। ওসাসুনা ও গেতাফের খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়। খেলায় কোনো দলই গোল করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯৪৩ ঘ.