ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগে প্রথম অঘটনের শিকার হলো তিনবারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। ফরাশগঞ্জের কাছে হেরেছে তারা ১-০ গোলে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার খেলার ৯ মিনিটেই গোল হজম করতে হয় আবাহনীকে। কুয়েতের বিপক্ষে অলিম্পিকের প্রাক-বাছাই পর্বের খেলার জন্য দলে ডাক পাওয়া আক্রমণভাগের খেলোয়াড় সোহেল রানা জয়সূচক গোলটি করেন।
পাল্টা আক্রমণ চালিয়ে অনেকটা একক প্রচেষ্টায় রক্ষণভাগের খেলোয়াড় অরুপ বৈদ্যকে কাটিয়ে আবাহনীর জালে বল জড়িয়ে দেন তিনি। গোলরক্ষক জিয়াউর রহমান এগিয়ে এসেও তাকে রুখতে পারেননি।
কিছুক্ষণ পরই ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি পুরনো ঢাকার দলটি। ২৪ মিনিটে ফরাশগঞ্জের নাইজেরিয়ার আক্রমণভাগের খেলোয়াড় কালু জনসন একেবারে সহজ সুযোগ নষ্ট করেন। গোলরক্ষককে একা পেয়েও গোল দিতে পারেননি তিনি।
অবশ্য পরের মিনিটেই কালু জনসন গোল করেন। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।
আবাহনী খেলায় ফেরার সুযোগ পায় ৩৫ মিনিটে। সংঘবদ্ধভাবে একটি আক্রমণের এক পর্যায়ে চৌমরিন রাখাইন উঁচু দিয়ে বল ফেলেন ফরাশগঞ্জের বক্সে। দলের ঘানার আক্রমণভাগের খেলোয়াড় ফ্রাঙ্ক মাথাও ব্যবহার করেন চমৎকারভাবে। কিন্তু অসাধারণ দক্ষতায় তা রুখে দেন ফরাশগঞ্জ গোলরক্ষক সুজন চৌধুরী।
৭২ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে প্রচণ্ড শট নেন ফ্রাঙ্ক। কিন্তু বল চলে যায় বারপোস্ট ঘেঁষে।
হারলেও আবাহনী যে খারাপ খেলেছে তা বলা যাবে না। বিশেষ করে, গোল হজম করার পর অত্যন্ত আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে তারা। তাই বারবার আক্রমণ ঠেকাতে ব্যতিব্যস্ত থাকতে হয় ফরাশগঞ্জের রক্ষণভাগকে। তবে শেষ পর্যন্ত তা ভাঙ্গা সম্ভব হয়নি আবাহনীর পক্ষে।
তিন খেলায় জয়, ড্র ও হার, সব রকম স্বাদই নিতে হলো আবাহনীকে। দলটির পয়েন্ট এখন ৪।
আর তিন খেলায় ফরাশগঞ্জের এটি প্রথম জয়। দলটির পয়েন্ট ৩।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/১৯৩২ ঘ.
bdnews24