ঢাকা, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা আবাহনীর গোলরক্ষক জিয়াউর রহমানের ডান হাত ভেঙ্গে গেছে। ফলে বেশ কিছুদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে ।
কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফরাশগঞ্জের বিপক্ষে খেলার ৬৫ মিনিটে একটি গোল বাঁচাতে গিয়ে মাটিতে পড়ে যান তিনি। এতে তার হাত ভেঙ্গে যায়।
আবাহনীর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, এ জন্য জিয়া বেশ কিছুদিন খেলতে পারবেন না। তবে কত দিন তাকে (জিয়া) মাঠের বাইরে থাকতে হবে তা তিনি বলতে পারেননি।
জিয়াকে ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
জিয়ার চোট আবাহনীর জন্য মাথা ব্যাথার কারণ হয়ে উঠতে পারে। দলের দ্বিতীয় গোলরক্ষক হিমেলও রয়েছেন আহত অবস্থায়। গুয়াংজু এশিয়াডে চোট পান তিনি। তাকে আরও দুই মাস মাঠের বাইরে থাকতে হবে। তাই দলটিকে এখন তৃতীয় গোলরক্ষক সোহেলের ওপর নির্ভর করতে হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/২০১২ ঘ.
bdnews24