ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতালির সেরি 'আ'তে বৃহস্পতিবার ব্রাজিলের খেলোয়াড় থিয়াগো মোত্তার জোড়া গোলের সুবাদে নাপোলিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মিলান।
ঘরের মাঠ সান সিরোতে আটঘাট বেঁধেই নামে ইন্টার মিলান। গোলের দেখা পেতে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের।
খেলার ৩ মিনিটে মোত্তার দুর্দান্ত ভলিতে এগিয়ে যায় লিওনার্দোর ইন্টার। তবে মিচেল পাজিয়েনজার গোলে ২৫ মিনিটে সমতায় ফেরে নাপোলি।
৩৭ মিনিটে এস্তেবান ক্যাম্বিয়াসো মাথা দিয়ে বল জালে পাঠিয়ে আবার এগিয়ে নেন ইন্টারকে।
৫৫ মিনিটে মাথা দিয়ে গোল করে নাপোলির কফিনে শেষ পেরেকটি ঠোকেন ইন্টারের মাঝমাঠের খেলা গড়ার কারিগর ওই মোত্তা।
অন্য খেলায় এসি মিলান ১-০ গোলে জিতেছে ক্যালিয়ারির বিপক্ষে। শেষ বাঁশি বাজার পাঁচ মিনিট আগে জয়সূচক গোলটি করেন মিলানের মাঝমাঠের খেলোয়াড় রডনি স্ট্রাসার।
দিনের অন্যান্য খেলায় পার্মা ৪-১ গোলে হারায় জুভেন্টাসকে। পালের্মো ৩-০ ব্যবধানে জেতে স্যাম্পদোরিয়ার বিপক্ষে। এএস রোমা ৪-২ গোলে পরাজিত করে কাতানিয়াকে। চিয়েভো ০-২ গোলে হার মানে উদিনেসের কাছে। বোলোগনা ১-১ গোলে পয়েন্ট ভাগাভাগি করে ফিওরেন্টিনার সঙ্গে। আর জেনোয়া ও লাৎসিও'র খেলা অমীমাংসিতভাবে শেষ হয়। গোল করতে পারেনি কোনো দলই।
এসি মিলান ১৮ খেলায় ৩৯ পয়েন্ট নিয়ে আছে তালিকার শীর্ষে। সমান খেলায় ৩৪ পয়েন্ট নিয়ে এসি মিলানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লাৎসিও। ৩৩ পয়েন্ট নিয়ে নাপোলি রয়েছে তৃতীয় স্থানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯৫৭ ঘ.
bdnews24