ঢাকা, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অলিম্পিক প্রাক বাছাই পর্বের জন্য প্রাথমিকভাবে গঠিত অনূর্ধ্ব-২৩ দলকে প্রস্তুতি ম্যাচে খেলাতে না পেরে ক্ষুব্ধ বাংলাদেশ জাতীয় দলের ক্রোয়েশিয়ার কোচ রবার্ট রুবচিচ।
বাংলাদেশ প্রাক বাছাই পর্বে কুয়েতের বিপক্ষে দু'টি ম্যাচ খেলবে ফেব্র"য়ারি ও মার্চে। সে জন্য রুবচিচ একটা প্রাথমিক দলও গঠন করেন। তিনি চেয়েছিলেন এ দল নিয়ে দীর্ঘ মেয়াদী কোনো প্রশিক্ষন ক্যাম্প করবেন না। তবে মাঝে মধ্যে দুই-তিনদিনের জন্য 'কন্ডিশনিং' ক্যাম্প করবেন। এছাড়া ঢাকার ক্লাবগুলোর সঙ্গে অনুশীলন ম্যাচ খেলবেন।
কিন্তু বাংলাদেশ লিগের খেলার জন্য তার সেই ইচ্ছা তিনি পূরণ করতে পারছেন না।
ব্রাদার্স ইউনিয়ন ও আরমবাগ ক্রীড়া সংঘের খেলা দেখতে মাঠে উপস্থিত হয়ে রুবচিচ বলেন, "বাংলাদেশ লিগের খেলার কারণে 'কন্ডিশনিং' ক্যাম্প করার সুযোগ তিনি পাচ্ছেন না। সেই সঙ্গে তার দলের খেলোয়াড়দের খেলাও তিনি যাচাই করতে পারছেন না। কেননা বেশিরভাগ ক্লাবের প্রথম একাদশে জায়গা পাচ্ছেন না তার দলের খেলোয়াড়রা।"
অনুশীলন ম্যাচ খেলাতে না পারায় দলের খেলোয়াড়দের খেলা যাচাই করা সম্ভব হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "এখন আমি কি করবো বুঝতে পারছি না।"
এদিকে বয়সের কারণে গুয়াংজু এশিয়া গেমসের দলের বেশিরভাগ ফুটবলারই বাদ পড়েছেন। মাত্র পাঁচ ফুটবলার জায়গা পেয়েছেন এই দলে। তারা হলেন শাহেদুল আলম শাহেদ, ইমতিয়াজ সুলতান জিতু, মিথুন চৌধুরী, তৌহিদুল আলম সবুজ ও মিন্টু শেখ।
অলিম্পিক প্রাক বাছাই পর্বে মূলত অনূর্ধ্ব-২৩ বছরের ফুটবলাররা অংশ নিয়ে থাকেন। আগে ২৩ বছরের বেশি বয়সের তিনজন এতে অংশ নিতে পারতেন। এবার সে কোটাও বাতিল করা হয়েছে।
কুয়েতের বিপক্ষে সে দেশে বাংলাদেশ খেলবে ২৩ ফেব্র"য়ারি। ফিরতি খেলা হবে ঢাকায় ৯ মার্চ।
এর আগে অনূর্ধ্ব-২৩ দল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রস্তুতি ম্যাচ খেলে মুক্তিযোদ্ধার বিপক্ষে। দ্বিতীয় ম্যাচ খেলে মোহামেডানের সঙ্গে। মুক্তিযোদ্ধার সঙ্গে ড্র করলেও মোহামেডানের সঙ্গে হেরে যায় অনূর্ধ্ব-২৩ দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/এসএনএল/২০৩১ ঘ.
bdnews24