ঢাকা, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ গোলে হারিয়েছে স্টোক সিটিকে। এ পর্যন্ত লিগের ২০টি খেলার একটিতেও হারেনি দলটি।
দিনের অন্যান্য খেলায় ফুলহ্যাম ৩-০ গোলে জিতেছে ওয়েস্ট ব্র"মের বিপক্ষে। বার্মিংহাম ২-১ গোলে হারিয়েছে ব্ল্যাকপুলকে।
খেলার ২৭ মিনিটে জাভি হার্নান্দেজের গোলে এগিয়ে যায় ম্যান ইউ। ন্যানির কাছ থেকে আড়াআড়িভাবে বল পেয়ে তা জালে জড়িয়ে দেন তিনি।
দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্টোক সিটি। ডেন হোয়াইটহেড ৫০ মিনিটে গোল শোধ করেন। তবে বেশিক্ষণ এই সমতা ধরে রাখতে পারেনি তারা।
১২ মিনিট পর বাঁ-পায়ের জোরালো শটে সিটির জালে বল জড়িয়ে দেন ন্যানি। বারবার চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি কোন দলই।
ম্যানচেস্টার ইউনাইটেড ৪৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। তারা ৩ পয়েন্ট পিছিয়ে আছে। ৩৯ পয়েন্ট নিয়ে আর্সেনাল রয়েছে তিন নম্বরে। টটেনহ্যাম হটস্পার আছে চতুর্থ স্থানে। দলটির পয়েন্ট ৩৬। আর ৩৫ পয়েন্ট নিয়ে পঞ্চমে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯৪৮ ঘ.
bdnews24