ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে সোমবার রিয়াল মাদ্রিদ ৩-২ গোলে হারিয়েছে গেতাফেকে।
লিগে ১৭ খেলায় ১৯ গোল করলেন রোনালদো।
নিজেদের মাঠে খেলার শুরু থেকেই রিয়ালের সঙ্গে পাল্লা দিয়ে খেলছিলো গেতাফে। খেলার ১১ মিনিটে অ্যাঞ্জেলো ডি মারিয়াকে অবৈধভাবে বাঁধা দেন গেতাফের রক্ষণভাগের খেলোয়াড় হোসে ম্যানুয়েল। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। আর তা থেকে গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো।
আট মিনিট পর গেতাফের রক্ষণভাগ চেরা ডি মারিয়ার একটি শটে পা লাগিয়ে ব্যবধান দ্বিগুন করেন মেসুত ওজিল।
দুই গোলে পিছিয়ে পড়ার পর গোল শোধে মরিয়া হয়ে ওঠে গেতাফে। তারা মাঠের দখল নিয়ে রিয়ালের রক্ষণভাগে বার বার আক্রমণ চালাতে থাকে। খেলার ২৯ মিনিটে গেতাফের দানিয়েল পারেজো গোল করে ব্যবধান কমিয়ে আনেন (২-১)। রিয়ালের সাবেক এই মাঝমাঠের খেলোয়াড় রক্ষণভাগের দু'জন খেলোয়াড়কে ফাঁকি দিয়ে বাঁ প্রান্ত দিয়ে বল জালে জড়িয়ে দেন।
প্রথমার্ধে আর কোনো দল গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে রিয়াল। খেলার ৫৭ মিনিটে ওজিল বল ঠেলে দেন বেনজেমার উদ্দেশ্যে। এরপর বিপদজনক এলাকায় দাঁড়ানো রোনালদোকে বল দেন বেনজেমা। বল জালে জড়াতে কোনো ভুল করেননি রোনালদো।
খেলার আট মিনিট বাকি থাকতে হাত দিয়ে বল ধরায় দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যান রিয়ালের আরবেলোয়া।
এর এক মিনিট পরই গেতাফের হয়ে দ্বিতীয় গোলটি করেন বদলি খেলোয়াড় অ্যালবিন। তবে আর কোনো গোল করতে না পারায় মাথা নিচু করেই মাঠ ছাড়তে হয় গেতাফেকে।
এই খেলায় মৌসুমে প্রথমবারের মতো রিয়ালের হয়ে মাঠে নেমেছিলেন ব্রাজিলের কাকা।
দিনের অন্যান্য খেলায় ভিয়ারিয়াল ২-০ গোলে আলমেরিয়াকে, মালোর্কা ৩-০ গোলে হারকিউলিসকে ও রিয়াল জারাগোজা ২-১ গোলে রিয়াল সোসিয়েদাদকে হারিয়েছে। অ্যাতলেটিকো মাদ্রিদ ও রেসিং সান্তান্দারের খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। খেলায় কোনো দলই গোল করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০২৫ ঘ.
bdnews24