২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার টানা একাদশ জয়

পেদ্রো রড্রিগুয়েজের দুই গোলের সুবাদে বার্সেলোনা ২-১ গোলে জিতেছে লেভান্তের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2011, 02:24 PM

Updated : 24 Aug 2022, 02:14 PM

ঢাকা, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পেদ্রো রড্রিগুয়েজের দুই গোলের সুবাদে বার্সেলোনা ২-১ গোলে জিতেছে লেভান্তের বিপক্ষে। লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষ দল বার্সার এটি টানা একাদশ জয়। লিওনেল মেসি মাঠে নামেননি। ছুটি কাটিয়ে আর্জেন্টিনা থেকে ফিরলেও দর্শক গ্যালারিতে বসে খেলা দেখেন তিনি। তবে মেসির অনুপস্থিতি বুঝতে দেননি বার্সেলোনার ডানিয়েল আলভেজ। গোলের জন্য রড্রিগুয়েজকে তিনিই বল বানিয়ে দেন। খেলার শুরুতেই লেভেন্তেকে চেপে ধরে বার্সেলোনা। তবে একের পর এক আক্রমণ চালিয়েও গোল করতে পারছিল না। এ জন্য লেভেন্তের রক্ষণভাগের চেয়ে বার্সার আক্রমণভাগই বেশি দায়ী। আক্ষরিক অর্থেই প্রথমার্ধে তারা অগোছালো ফুটবল খেলে। তবে দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে নেয় বার্সা। এর ফলও পায় হাতে হাতে। খেলার ৪৭ ও ৫৯ মিনিটে লেভেন্তের জালে বল জড়িয়ে দেন রড্রিগুয়েজ। কিছুক্ষণ পরই হ্যাট্রিক করে ফেলতে যাচ্ছিলেন তিনি। তার তীব্র শট গোলরক্ষককে ফাঁকি দিয়েছিল ঠিকই। কিন্তু বারপোস্টে লেগে বল চলে যায় মাঠের বাইরে। খেলার ধারার বিপরীতে ৮০ মিনিটে লেভেন্তের হয়ে একটি গোল শোধ করেন বদলি খেলোয়াড় ক্রিশ্চিয়ান স্তুয়ানি। দিনের অন্যান্য খেলায় দেপোর্তিভো লা করুনা ২-১ গোলে অ্যাথলেটিক বিলবাওকে, সেভিয়া ১-০ গোলে ওসাসুনাকে ও মালাগা ২-১ গোলে স্পোর্টিং গিজনকে হারায়। বার্সেলোনা ৪৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। রিয়াল মাদ্রিদ দ্বিতীয় স্থানে থাকলেও বার্সার চেয়ে দলটি রয়েছে ৫ পয়েন্ট পেছনে। রিয়াল সোমবার খেলবে গেতাফের বিপক্ষে। সেই খেলায় মৌসুমে প্রথমবারের মতো রিয়ালের হয়ে মাঠে নামতে যাচ্ছেন ব্রাজিলের কাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯২০ ঘ.