২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিতেছে ম্যান ইউ, আর্সেনাল ও লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ওয়েস্ট ব্রমকে ১-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বার্মিংহামকে ০-৩ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। লিভারপুল ২-১ জেতে বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2011, 02:29 PM

Updated : 24 Aug 2022, 02:14 PM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ওয়েস্ট ব্রমকে ১-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বার্মিংহামকে ০-৩ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। লিভারপুল ২-১ জেতে বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে। ঘরের মাঠ অ্যান্ড্রুসে আটঘাট বেঁধেই নামে ওয়েস্ট ব্রম। কিন্তু শেষ রক্ষা হয়নি। খেলার ৩ মিনিটে প্যাট্রিক এভার বল ঠেলে দেন ম্যান ইউ'র খেলা গড়ার কারিগর ওয়েন রুনির কাছে। নির্ভুল নিশানায় বল ওয়েস্ট ব্রমের জালে জড়িয়ে দেন তিনি। ১১ মিনিট পরই মাঝমাঠের খেলোয়াড় জেমস মরিসনের গোলে সমতায় ফেরে ওয়েস্ট ব্রম। বিরতির পর দু'দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ওয়েস্ট ব্রম নিয়মিত হানা দিতে থাকে ম্যান ইউ'র বিপদ সীমানায়। কিন্তু রক্ষণভাগের দৃঢ়তায় তাদের সব আক্রমণ বিফলে যায়। খেলার ৭৫ মিনিটে ওয়েন রুনির উঠিয়ে মারা বল জাভিয়ের হার্নান্দেজ মাথা দিয়ে পাঠিয়ে দেন ওয়েস্ট ব্রমের জালে। এদিকে খেলার শুরু থেকেই বার্মিংহামকে চেপে ধরে আর্সেনাল। এগিয়ে যেতেও খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি গানার্সদের। খেলার ১৩ মিনিটে আক্রমণভাগের ফুটবলার রবিনসন ফন পার্সির গোলে এগিয়ে যায় আর্সেন ওয়েঙ্গারের দল। ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সামির নাসরি। বল বানিয়ে দেন সেস ফেব্রেগাস। ম্যাচে অঘটন ঘটে ৬৬ মিনিটে। বার্মিংহামের রক্ষণভাগের খেলোয়াড় রজার জনসন ভুল করে নিজেদের জালে বল ঢুকিয়ে দেন। নিজেদের মাঠ অ্যানফিল্ডে জয়ের কোনো বিকল্প ছিল না লিভারপুল কোচ রয় হজসনের সামনে। কেননা এই খেলায় না জিতলে চাকরি থেকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছিলেন ক্লাব কর্মকর্তারা। তাই শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলা শুরু করে রেড ডেভিলসরা। কিন্তু ৪৩ মিনিটে গোল খেয়ে বসে তার দল। ম্যাথু টেলরের কাছ থেকে বল পেয়ে তা জালে জড়িয়ে দেন বোল্টনের আক্রমণভাগের খেলোয়াড় কেভিন ডেভিয়েস। ৪৯ মিনিটে ফার্নান্দো তোরেসের গোলে সমতায় ফেরে লিভারপুল। আর অতিরিক্ত সময়ে (৯০ ২ মিনিটে) বদলি খেলোয়াড় জো কোলের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। দিনের অন্যান্য খেলায় ম্যানচেস্টার সিটি ১-০ গোলে হারায় ব্ল্যাকপুলকে। সমান ব্যবধানে টটেনহ্যাম হটস্পার জেতে ফুলহ্যামের বিপক্ষে। স্টোক সিটি ২-০ গোলে এভারটনকে ও সমান ব্যবধানে ওয়েস্ট হ্যাম হারায় উলভারহ্যাম্পটনকে। ব্ল্যাকবার্ন রোভার্স ০-৩ গোলে হার মানে সান্ডারল্যান্ডের কাছে। ১৯ খেলায় ৪১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দু'ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। ২০ খেলায় ৩৯ পয়েন্টে আর্সেনাল রয়েছে তৃতীয় স্থানে। আর বর্তমান চ্যাম্পিয়ন চেলসি নেমে গেছে পাঁচ নম্বরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০০৫ ঘ.