ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পঞ্চদশ এশিয়া কাপ ফুটবল প্রতিযোগিতাকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে সৌদি আরব ১-০ গোলে জেতে বাহরাইনের বিপক্ষে।
শুক্রবার অন্য দুই খেলার একটিতে উত্তর কোরিয়া ১-০ গোলে হারায় কাতারকে। অন্যটিতে জাম্বিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দেয় কুয়েত।
খেলার শুরু থেকেই আক্রমণভাগের খেলোয়াড় ইয়াসের আল খাতানি ও নাসের শামরানির নেতৃত্বে সৌদি আরব বারবার বাহরাইনের রক্ষণভাগে হানা দিতে থাকে। কিন্তু প্রথমার্ধে গোলের দেখা মেলেনি।
খেলার ১২ মিনিটে আল খাতানির দুর্দান্ত একটি শট রুখে দেন বাহরাইনের গোলরক্ষক আব্বাস আহমেদ।
বিরতির পর সমানতালে লড়তে থাকে বাহরাইন। বেশ কয়েকবার আক্রমণ চালিয়ে সৌদি রক্ষণভাগকে কিছুটা ভড়কে দেয় তারা। কিন্তু শেষ রক্ষা হয়নি।
খেলার ৬৫ মিনিটে সৌদি আরবের বদলি খেলোয়াড় ওসামা হাউসায়ি জয়সূচক গোলটি করেন।
১৬টি দেশ নিয়ে এশিয়া কাপ শুরু হবে ৭ জানুয়ারি কাতারে। চূড়ান্ত খেলা হবে ২৯ জানুয়ারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০২৪ ঘ.
bdnews24