ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেখ জামাল ধানমন্ডি ক্লাবের নতুন কোচ হতে পারেন পাকির আলী। শ্রীলঙ্কার এই কোচের সঙ্গে কথা-বার্তা অনেকটাই পাকা হয়ে গেছে। বাকি রয়েছে কেবল আর্থিক বিষয়াবলী।
ঢাকার ফুটবলের অতি পরিচিত মুখ পাকির আলী। ঢাকা আবাহনীতে খেলেছেন বহুদিন।
ক্লাবের সভাপতি মঞ্জুর কাদের বলেন, "পাকির আলীর সঙ্গে আমাদের কথা হয়েছে। কোচ হতে রাজি হয়েছেন তিনি। আমরাও তাকে আনতে চাচ্ছি।" বাকি রয়েছে কেবল আর্থিক বিষয়াবলী নিয়ে কথা-বার্তা। তা ঠিক হলেই পাকির আলী ঢাকায় আসবেন বলে সভাপতি জানান।
পাকির আলী মালদ্বীপের একটি ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন বহুদিন। এখন তার হাতে কোনো কাজ নেই। আর এ সুযোগকে কাজে লাগিয়ে শেখ জামাল তাকে কোচ হওয়ার প্রস্তাব দেয়।
আগের কোচ সার্বিয়ার নাগরিক গোরান কার্লেভিচকে বরখাস্ত করার পর নতুন কোচের খোঁজ শুরু করে ঢাকার ফুটবলে চমক জাগানো দলটি। প্রথমে তারা প্রস্তাব দেয় ভারতের বিরুমলকে। কিন্তু সরকারী চাকরি করায় প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। এরপরই শেখ জামাল কর্মকর্তারা প্রস্তাব দেন পাকির আলীকে।
বাংলাদেশ লিগের প্রথম খেলায় একাদশ গঠন নিয়ে মঞ্জুর কাদেরের সঙ্গে বনিবনা না হওয়ায় বরখাস্ত হন কার্লেভিচকে।
তার সঙ্গে ছয় মাসের জন্য চুক্তি হয়। কিন্তু তিন মাস কাজ করেই সহকারী দাবরকে নিয়ে দেশে ফিরে যেতে হয় কার্লেভিচকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/এনআই/১৮৪৯ ঘ.
bdnews24