ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের ত্রাণকর্তা হলেন বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা মেক্সিকোর হ্যাভিয়ের হার্নান্ডেজ। তার করা একমাত্র গোলেই বুধবার ভ্যালেন্সিয়াকে হারায় ম্যানইউ।
বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান ৪-০ গোলে উড়িয়ে দিল জার্মান দল ওয়ের্ডার ব্রেমেনকে। হ্যাটট্রিক করেছেন দলের ক্যামেরুনের আক্রমণভাগের খেলোয়াড় স্যামুয়েল ইতো। তবে হোঁচট খেয়েছে বার্সেলোনা। রাশিয়ার রুবিন কাজানের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা।
বুধবার অন্য খেলায় টটেনহ্যাম হটস্পার ৪-১ গোলে ধসিয়ে দেয় ডাচ ক্লাব এফসি টুয়েন্টিকে, ফরাসি ক্লাব লিঁও ৩-১ গোলে হারায় হ্যাপোয়েল তেলআবিবকে, শালকে জিরো ফোর ২-০ গোলে জেতে পর্তুগালের বেনফিকার বিপক্ষে, তুরস্কের বারসাসপোরকে ১-০ গোলে হারায় স্কটিশ ক্লাব রেঞ্জার্স এবং ডেনমার্কের এফসি কোপেনহেগেনের কাছে ২-০ গোলে হেরে যায় গ্রিক চ্যাম্পিয়ন প্যানাথিনাইকস।
গ্র"প 'সি' এর লড়াইয়ে ভ্যালেন্সিয়ার মাঠে ম্যানইউয়ের প্রাধান্য থাকলেও খেলা ড্রয়ের দিকে যাচ্ছিল। কিন্তু বদলি খেলোয়াড় হিসেবে ম্যানইউকে মূল্যবান তিনটি পয়েন্ট এনে দেন হার্নান্ডেজ। খেলার ৮৫ মিনিটে মাচেদার পাস থেকে ডি বক্সের ঠিক ভেতর থেকে মাটি ঘেঁষা শটে গোল করেন তিনি।
স্পেনের মাটিতে কোনো স্প্যানিশ দলকে দ্বিতীয়বারের মতো হারাল ম্যানইউ। ম্যাচ শেষে তাই কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন বলেছেন, ''সত্যিই দারুণ একটা কঠিন ম্যাচ জিতেছি।''
নিজেদের মাঠ সানসিরোতে গ্র"প 'এ' এর খেলায় ওয়েডার ব্রেমেনকে দাঁড়াতেই দেয়নি বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান। অতিথিদের তারা উড়িয়ে দেয় ৪-০ গোলে। হ্যাটট্রিক করেন ইতো। অপর গোলটি ওয়েসলি স্নেইডারের।
খেলার ২১ মিনিটে প্রথম গোল করেন ইতো। তার ছয় মিনিট পরেই লুসিওর পাস থেকে দ্বিতীয় গোল করেন তিনি। ৩৪ মিনিটে ইতোর পাস থেকেই তৃতীয় গোল করেন স্নেইডার। তারপর ৮১ মিনিটে দলের চতুর্থ গোল এবং নিজের হ্যাটট্রিক তুলে নেন ইতো।
গ্র"প 'ডি' এর খেলায় বার্সেলোনার কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিয়েছে রুবিন কাজান। খেলাটি ১-১ গোলে ড্র হয়। এমনকি লিওনেল মেসিও জেতাতে পারেননি দলকে। চোট কাটিয়ে দশদিন পর বুধবারই দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন তিনি।
খেলার ৩০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রুবিন কাজানকে এগিয়ে নিয়েছিলেন নোবোয়া। সেই গোল পেনাল্টি থেকেই ৬০ মিনিটে শোধ করেন ডেভিড ভিয়া।
তবে এক পয়েন্ট পেয়েও অবশ্য খুশি ভিয়া। বলেছেন, ''পিছিয়ে থেকে ফিরে সমতা আনাটা কঠিন হয়ে পড়েছিল। কারণ দুর্দান্ত প্রতিরোধ গড়ে তুলেছিল কাজান।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/১৭০৪ ঘ.
bdnews24