রাজশাহী, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী নগরীতে ফুটবল খেলা নিয়ে দু'দল সমর্থকের সংঘর্ষে পুলিশ ও খেলোয়াড়সহ অন্তত ২০ জন আহত হয়েছে।
বুধবার সিটি করপোরেশন আয়োজিত দ্বিতীয় কাউন্সিলর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পাঁচ ও ১৯ নম্বর ওয়ার্ড দলের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
পরিস্থিতি শান্ত হলে টাইব্রেকারে পাঁচ নম্বর ওয়ার্ড দল জয়লাভ করে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটায় জেলা স্টেডিয়ামে নগরীর পাঁচ ও ১৯ নম্বর ওয়ার্ড দলের মধ্যে খেলা শুরু হয়। প্রথমার্ধে ১৯ নম্বর ওয়ার্ড দুটি গোল করে। দ্বিতীয়ার্ধের শেষ মুহুর্তে পাঁচ নম্বর ওয়ার্ড দলের খেলোয়াড়রা গোল পরিশোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। কিন্তু শেষ মিনিটের একটি গোল বাতিলের দাবিতে ১৯ নম্বর ওয়ার্ডের সমর্থকরা পাঁচ নম্বর ওয়ার্ডের সমর্থকদের দিকে ইট ছুড়তে থাকে।
তখন পাঁচ নম্বর ওয়ার্ড সমর্থকরাও পাল্টা ইট ছুড়লে দু'পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ শুরু হয়। পরে তা স্টেডিয়ামের বাইরেও ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে। আহতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানার ওসিও রয়েছেন।
পাঁচ নম্বর ওয়াার্ড কাউন্সিলর কামরুজ্জামান দাবি করেন, প্রতিপক্ষের হামলায় তার দলের খেলোয়াড় রাজু, সমর্থক শওকত, বাবু, সিজার, সৈকত, পাভেল ও সজলসহ ১০ জন আহত হয়েছেন।
বোয়ালিয়া মডেল থানার ওসি শাহাদত হোসেন বিডিনিউজ টোয়োিন্টফোর ডটকমকে বলেন, কিছু সমর্থক বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/ডিডি/২২৫৫ ঘ.
bdnews24