ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রিয়াল মাদ্রিদের নায়ক হয়ে গেলেন বদলি খেলোয়াড় অ্যাঞ্জেল ডি মারিয়া। খেলা শেষ হওয়ার নয় মিনিট আগে তার গোলেই মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ জেতে ফরাসি দল অঁরের বিপক্ষে।
এদিকে জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখকে উদ্ধার করেন বাস্টেন শোয়াইন্সটিগার। প্রথমে পিছিয়ে পড়লেও সুইজারল্যান্ডের ক্লাব বাসেলের বিপক্ষে দুই গোল করে তিনিই জয় এনে দেন বায়ার্নকে।
অন্যান্য খেলায় চেলসি ২-০ গোলে হারায় ফরাসি দল অলিম্পিক মার্সেইকে, এএস রোমা ২-১ গোলে জেতে ক্লুজের বিপক্ষে, স্পার্তাক মস্কো ৩-০ গোলে উড়িয়ে দেয় জিলিনাকে, আর্সেনাল ৩-১ গোলে হারায় পার্টিজান বেলগ্রেডকে, শাখতার দোনেৎস্ক ৩-০ গোলে জেতে ব্রাগার বিপক্ষে এবং আয়াক্স ও এসি মিলানের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়।
শুরু থেকেই অঁরেকে চেপে ধরে রিয়াল। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো, গঞ্জালো হিগুইনরা কিছুতেই গোল করতে পারছিলেন না। মাঝ-মাঠেও রিয়ালের দাপট নিয়ে কোনো সন্দেহ ছিল না। সামি খেদিরা এবং মেসুট ওজিল তাদের নামের প্রতি সুবিচার করেই খেলছিলেন।
প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধেও রিয়ালের খেলার ধার ছিল চোখে পড়ার মতো। কিন্তু গোলের দেখা নেই। শেষ পর্যন্ত ম্যাচের ১৫ মিনিট বাকি থাকতে বদলি খেলোয়াড় হিসেবে নামেন আর্জেন্টিনার তারকা ডি মারিয়া। তিনিই বাঁচিয়ে দেন হোসে মরিনহোর দলকে। ৮১ মিনিটে আলভারোর কাছ থেকে আড়াআড়িভাবে বল পেয়ে মাথা দিয়ে তা পাঠিয়ে দেন তিনি কাক্সিক্ষত ঠিকানায়।
স্ট্যামফোর্ড ব্রিজে জন টেরি এবং নিকোলাস আনেলকার গোলে চেলসি হারায় অলিম্পিক মার্সেইকে। খেলা শুরুর ২ মিনিটেই গোল করেন টেরি। ২৮ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান আনেলকা।
এদিকে খেলার ১৮ মিনিটে বাসেলের বিপক্ষে পিছিয়ে পড়ে বায়ার্ন। বাসেলের পক্ষে গোল করেন আলেকজান্ডার ফ্রেই। ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ করেন শোয়াইন্সটিগার। খেলা শেষ হওয়ার এক মিনিট আগে হোলগারের ফ্রি-কিক থেকে বল পেয়ে জয়সূচক গোলটিও করেন শোয়াইন্সটিগার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৮০৩ ঘ.
bdnews24