২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক'ওয়েলথ গেমস, ক্রীড়া পল্লীতে এবার গোখরা

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কা, ক্রীড়া পল্লীর জায়গায় জায়গায় ময়লা-আবর্জনা, অপরিষ্কার বাথরুম, মশা ও ডেঙ্গুর আতঙ্ক, খাট ভেঙে পড়া, কুকুরের তাড়া-এতদিন এগুলোই ছিল দিল্লি কমনওয়েলথ গেমসের নিয়মিত ঘটনা! এবার তার সঙ্গে যোগ হলো সাপের ভয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2010, 01:58 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কা, ক্রীড়া পল্লীর জায়গায় জায়গায় ময়লা-আবর্জনা, অপরিষ্কার বাথরুম, মশা ও ডেঙ্গুর আতঙ্ক, খাট ভেঙে পড়া, কুকুরের তাড়া-এতদিন এগুলোই ছিল দিল্লি কমনওয়েলথ গেমসের নিয়মিত ঘটনা! এবার তার সঙ্গে যোগ হলো সাপের ভয়। ক্রীড়া পল্লী পরিদর্শন করতে গিয়ে শুক্রবার কুকুরের তাড়া খেয়ে কোনো রকমে বেঁচে যান গেমসের চেয়ারম্যান মাইকেল ফেনেল। এর পর পল্লী থেকে কুকুর তাড়াতে ব্যস্ত হয়ে পড়েন সংগঠকরা। কিন্তু এবার গোদের ওপর বিষফোড়া হয়ে দেখা দিয়েছে সাপ। রোববার দক্ষিণ আফ্রিকার এক অ্যাথলিটের বিছানার নিচে পাওয়া যায় একটি সাপ। রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে সারা পল্লীতে। এ ব্যাপারে দেশটির রাষ্ট্রদূত হ্যারিস এম মাজেকে বলেন, "সাপ বেরিয়েছে আমাদের এক অ্যাথলিটের খাটের তলা থেকে। জীবন আগে, না পদক আগে? দল পাঠাবো কিনা, তা নিয়ে নতুন করে ভাবতে হবে।" তার আশঙ্কা যমুনার পানি কমতে শুরু করায় পল্লীতে সাপের উপদ্রব আরো বাড়তে পারে। তার ধারণাই যেন সত্য হয়ে উঠলো। কারণ একইদিন আর কে খান্না টেনিস স্টেডিয়াম চত্ত্বর থেকে ধরা হয় আরো একটি গোখরা সাপ। সেই ছবি বিভিন্ন প্রচার মাধ্যমে ছাপা হয়েছে। এদিকে বিদেশি দলগুলো পৌঁছতে শুরু করেছে দিল্লিতে। কিন্তু পল্লীর অবস্থা দেখে সবাই হতাশ। ক্রমশই প্রকট হয়ে উঠছে পল্লীর কাজ শেষ করার ব্যাপারে ভারত সরকারের চরম ব্যর্থতা। খেলোয়াড়-কর্মকর্তাদের জন্য বরাদ্দ ১ হাজার ১৬৮টি ফ্ল্যাটের মধ্যে এ পর্যন্ত মাত্র ৪০৯টির কাজ শেষ হয়েছে। যদিও পল্লী পরিদর্শন করতে গিয়ে দিল্লির মূখ্যমন্ত্রী শিলা দীক্ষিত আশ্বাস দিয়েছেন, আর দু'দিনের মধ্যে আরো ৬০০টি ফ্ল্যাটের কাজ শেষ হবে। গেমসের বিভিন্ন মাঠ ও গেমস পল্লীর আশেপাশে রয়েছে ১২০ টন জঞ্জাল। খুবই তাড়াতাড়ি তা সাফ করার কাজ চলছে। কিন্তু সামাল দেয়া সম্ভব হচ্ছে না। পানি বেরিয়ে যাওয়ার বহু নালা সিমেন্ট দিয়ে বন্ধ করে দেয়ায় বদ্ধ জলে বাড়ছে মশার উপদ্রব। দেয়া হচ্ছে মশা মারার তেল। সমস্যা বাথরুমে পানি সরবরাহের ব্যবস্থা নিয়েও। দু'শ'র বেশি ফ্ল্যাট এখনো পানি ও বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। রাতেও পল্লীর কাজ চলায় ক্ষুব্ধ দিল্লিতে আসা বিদেশি অ্যাথলিটরা। বিভিন্ন দেশের কর্মকর্তারা বলছেন, আবহাওয়া এবং পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়ার জন্য আরো আগেই অ্যাথলিটদের দিল্লি পৌঁছানো দরকার ছিল। কিন্তু অনাকাক্সিক্ষত পরিস্থিতির জন্য তা পিছিয়ে গেছে। ফলে গেমসে অ্যাথলিটদের নৈপুণ্য দর্শকদের প্রত্যাশা পূরণ নাও করতে পারে। গেমসে ৭১টি দেশের সবারই যোগ দেয়ার কথা। কিন্তু নামকরা খেলোয়াড়রা যেভাবে একের পর এক নাম প্রত্যাহার করে নিচ্ছেন, তাতে গেমসের সাফল্য নিয়ে এরই মধ্যে বড় একটি প্রশ্ন উঠে গেছে। পাশাপাশি ক্রীড়ার বড় ধরণের আসর আয়োজনে ভারতের দৈন্যদশাও ধরা পড়েছে সারা দুনিয়ার কাছে। গেমস শুরু হবে ৩ অক্টোবর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এইচএম/টিআর/১৯৪০ ঘ.