২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল ও চেলসি, পরীক্ষা দু'দলেরই

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রিয়াল মাদ্রিদ মুখোমুখি হচ্ছে ফ্রান্সের অঁরের। আর ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসি খেলতে নামছে ফ্রান্সের আরেক দল মার্সেইয়ের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2010, 12:18 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রিয়াল মাদ্রিদ মুখোমুখি হচ্ছে ফ্রান্সের অঁরের। আর ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসি খেলতে নামছে ফ্রান্সের আরেক দল মার্সেইয়ের বিপক্ষে। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের খেলা হবে আটটি। অন্য খেলায় মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখ ও বাসেল, এএস রোমা ও ক্লুজ নাপোকা, স্পার্তাক মস্কো ও এমএসকে জিলিনা, আয়াক্স ও এসি মিলান, ব্রাগা ও শাখতার দোনেৎস্ক এবং পার্টিজান বেলগ্রেড ও আর্সেনাল। রিয়াল কোচ হোসে মরিনহো দলের আক্রমণভাগের খেলোয়াড়দের গোল করতে না পারা নিয়ে দুশ্চিন্তায় আছেন। গত মৌসুমে শেষ ষোলর খেলায় লিঁওর মাঠে দলটির কাছে ১-০ গোলে হার মানে রিয়াল। এরপর ঘরের মাঠে ১-১ গোলে ড্র করে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ে নয়বারের চ্যাম্পিয়নরা। চলতি মৌসুমে ছয় ম্যাচে মাত্র পাঁচটি গোল করেছে রিয়াল। খেয়েছেও কম, মাত্র একটি। কিন্তু মরিনহো তার আক্রমণভাগের মূল তিন খেলোয়াড় গঞ্জালো হিগুইন, অ্যাঞ্জেল ডি মারিয়া এবং ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে স্বস্তিতে নেই। গোল খরায় ভুগছেন তিনজনই। তবে মরিনহো আশা করছেন, "ওরা গোল খরা কাটিয়ে উঠবে। কারণ অতীতে ওরা অনেক গোল করেছে, ম্যাচও জিতিয়েছে। খেলোয়াড়দের ওপর আমার আস্থা বিন্দু মাত্র কমেনি।'' গত মৌসুমে হিগুইন এবং রোনালদো, দু'জনে মিলে গোল করেছিলেন ৫৩টি। ইংলিশ লিগে সর্বশেষ ম্যানচেস্টার সিটির কাছে ১-০ গোলে হারের ক্ষত নিয়ে মার্সেইয়ের বিপক্ষে খেলতে নামছে চেলসি। এর আগে কার্লিং কাপে নিউক্যাসলের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেয় চেলসি। তবে এ ম্যাচেই ফিরছেন এ মৌসুমে এখন পর্যন্ত দলের পক্ষে সর্বোচ্চ গোলদাতা ফ্লোরেন্ত মালুদা। তার সাফ কথা, টানা তৃতীয় হারের কথা তারা চিন্তাও করতে পারেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এনআই/১৮০৮ ঘ.