ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন দিল্লি কমনওয়েলথ গেমসের নিরাপত্তা এবং অব্যবস্থাপনা নিয়ে রোববার ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন ভারতের সাবেক এবং বর্তমান তারকা খেলোয়াড়রা।
অলিম্পিক গেমসে ব্যক্তিগত ইভেন্টে ভারতের একমাত্র সোনা জয়ী শূটার অভিনব বিন্দ্রা বলেন, ''গেমস মানেই অ্যাথলিটের জন্য। তারাই যদি ভালো থাকতে না পারে তাহলে কথা তো উঠবেই। এটা দুঃখজনক।''
সাবেক মহিলা তারকা অ্যাথলিট পিটি উষা বলেছেন, ''কমনওয়েলথ গেমসে পদক জেতা বহু ভারতীয় খেলোয়াড়ের কাছেই একটা বড় স্বপ্ন। সবাই তারা এ গেমসের জন্য কঠোর অনুশীলন ও প্রস্তুতি নিয়েছে। কিন্তু গেমস শুরুর আগে যা চলছে, তাতে প্রতিযোগীদের মনোসংযোগে বিঘ্ন ঘটতেই পারে।''
বিশ্ব দাবার বর্তমান অবিসংবাদিত চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দও গেমসের চালচিত্রে বিব্রত বোধ করছেন। কারণ এটি তার দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। বলেছেন, ''আমি আশা করছি সব কিছুকে পেছনে ফেলে দিল্লিতে শেষ পর্যন্ত একটা সফল গেমসই হবে। কিন্তু এভাবে শেষ মুহূর্তের প্রস্তুতি ঠিক নয়।''
ভারতীয় ক্রিকেট দলের ওপেনার গৌতম গম্ভীর দিল্লিরই ছেলে। এখন ব্যস্ত চন্ডিগড়ে অস্ট্র্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে। তিনি বলেন, ''একজন ভারতীয় এবং তারপর দিল্লির নাগরিক হয়ে আমি বিব্রতই বোধ করছি। কারণ এমন একটা বিশাল আয়োজনে যা ঘটেছে তা একেবারেই অনপ্রিভেত।''
গেমস পল্লী সহ বিভিন্ন জায়গায় অব্যবস্থাপনা চলছেই। ভিলেজের ভেতর গত শনিবারও সুইমিং পুলে এক দল কুকুর গোসল সেরেছে। ময়লা জমে আছে জায়গায় জায়গায়। বিছানার চাদর অপরিষ্কার, বাথরুমও তাই। যদিও আয়োজকরা আশ্বাস দিয়েই চলেছে, গেমস শুরুর আগে সব ঠিক হয়ে যাবে। যেটা শুরু হবে ৩ অক্টোবর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/২০২২ ঘ.
bdnews24