২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালকে টপকালো বার্সেলোনা

রিয়াল মাদ্রিদকে টপকে স্প্যানিশ প্রিমেরা লিগার দ্বিতীয় স্থানে উঠে এল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। শনিবার তারা দশ জনের অ্যাথলেটিকো বিলবাওকে ৩-১ গোলে হারায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2010, 02:02 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রিয়াল মাদ্রিদকে টপকে স্প্যানিশ প্রিমেরা লিগার দ্বিতীয় স্থানে উঠে এল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। শনিবার তারা দশ জনের অ্যাথলেটিকো বিলবাওকে ৩-১ গোলে হারায়। একই দিন লেভান্তের সঙ্গে ড্র করে তৃতীয় স্থানে নেমে গেছে রিয়াল। ওদিকে ভ্যালেন্সিয়া ২-০ গোলে স্পোর্টিং গিজনকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে। পাঁচ ম্যাচে ভ্যালেন্সিয়ার পয়েন্ট ১৩। সমান ম্যাচে বার্সেলোনার ১২ এবং রিয়ালের ১১। সেইডু কেইতা, জাভি এবং সের্গেই বাসকুয়েতসের গোলে লা লিগায় টানা তৃতীয় জয় পায় বার্সেলোনা। খেলার ৩৩ মিনিটে দশ জনের দলে পরিণত হয় বিলবাও। কারণ লাল কার্ড দেখেন ফার্নান্দো আমোরোবিতা। তবে খেলার শেষ দিকে বার্সাও পরিণত হয় দশ জনের দলে। লাল কার্ড দেখেন তারকা ফুটবলার ডেভিড ভিয়া। খেলার দ্বিতীয়ার্ধে একই ছন্দ ধরে রেখে খেলার ৫৪ মিনিটে এগিয়ে যায় বার্সা। ভিয়ার পাস থেকে গোল করেন কিতা। ৭৩ মিনিটে জাভির শট একজন খেলোয়াড়ের পায়ে লেগে গোলে ঢুকলে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। ভিয়া লাল কার্ড দেখার খানিক পরেই খেলার ৯০ মিনিটে বিলবাওয়ের জাবিলোনদা একটি গোল শোধ করলে উত্তেজনা তৈরি হয়। তবে অতিরিক্ত সময়ে বাসকুয়েতস গোল করলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। গোলের একাধিক সুযোগ নষ্ট করার মাশুল দিয়ে শনিবার রিয়াল মাদ্রিদ গোলশূন্য ড্র করে লা লিগায় নবাগত দল লেভান্তের সঙ্গে। গত মৌসুমে রিয়াল লা লিগায় সর্বাধিক ১০২ গোল করেছিল। কিন্তু এ মৌসুমে হোসে মরিনহোর নেতৃত্বে পাঁচ ম্যাচে তারা গোল করেছে এযাবত মাত্র ছয়টি। তবে রিয়াল কোচ এ জন্য খেলোয়াড়দের অতিরিক্ত ম্যাচের ক্লান্তিকে কিছুটা হলেও দায়ী করেছেন কোচ। গত ১৪ দিনে রিয়ালকে পাঁচটি ম্যাচ খেলতে হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/১৯৪৪ ঘ.