ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার হেরে গেছে বড় দুই দল চেলসি ও আর্সেনাল। ম্যানচেস্টার সিটি ১-০ গোলে হারায় চেলসিকে। আর আর্সেনাল ২-৩ গোলে ওয়েস্ট ব্রমের কাছে হেরে যায়।
এছাড়াও দিনের অন্যান্য ম্যাচে ব্লাকবার্ন ২-১ গোলে ব্লাকপুলকে এবং ওয়েস্ট হ্যাম ১-০ গোলে টটেনহাম কে হারায়। আর বার্মিংহাম-উইগান (০-০), ফুলহ্যাম-এভারটন (০-০) এবং লিভারপুল-সান্ডারল্যান্ডের (২-২) ম্যাচগুলি ড্র হয়েছে।
ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি এই মৌসুমে প্রথম পরাজয়ের মুখ দেখলো। ম্যাচের ৫৯ মিনিটে কার্লোস তেভেজ ম্যাচের একমাত্র গোলটি করে আনন্দে ভাসান ম্যান সিটি সমর্থকদের।
এই মৌসুমের প্রথম পাঁচটি ম্যাচে চমৎকার খেলা চেলসি ম্যানচেস্টার সিটির বিপক্ষেই আসল পরীক্ষায় পড়েছিল।
চেলসি এ মৌসুমেও তাদের শিরোপা ধরে রাখার চেষ্টা করবে। তবে ম্যানচেস্টার সিটিও শিরোপা জেতার মিশনেই নেমেছে। এমনটাই বলেছেন ম্যান সিটির কোচ রবার্তো মানচিনি।
তবে শনিবার মানচিনি এটাও বলেন, "আমার এখনো মনে হয় চেলসি খুব সহজেই ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিততে পারবে। কারণ এখানে তারাই সেরা দল।"
এদিকে পয়েন্ট তালিকার দ্বিতীয় দল আর্সেনালকে তাদের মাঠেই হারায় ওয়েস্ট ব্রম। খেলার প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে থমাসের পাস থেকে বল পেয়ে আর্সেনালের জালে প্রথম গোল দেন ওডেমওয়েঙ্গি। ৫২ মিনিটে জারা ব্যবধান দ্বিগুন করেন। অ্যালমুনিয়ার ভুলে ৭৯ মিনিটে ব্রমের হয়ে তৃতীয় গোলটি করেন থমাস নিজেই। নিজেদের মাটিতে ৩-০ তে পিছিয়ে থাকাই সম্ভবত খেপিয়ে দেয় আর্সেনালের খেলোয়াড়দের। গোল শোধে মরিয়া হয়ে ওঠে তারা। খেলার ৭৫ মিনিটে একটি গোল শোধ করেন ন্যাসরি। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে দ্বিতীয় গোল করে দলকে স্বপ্ন দেখান সেই ন্যাসরি। তবে আর গোল না পাওয়ায় শেষ পর্যন্ত মাথা নিচু করেই মাঠ ছাড়তে হয় আর্সেনালকে।
আর্সেনালের কোচ অ্যার্সেন ওয়েঙ্গার বলেন,"আজ আমাদের খারাপ দিন ছিল। সব বিভাগেই আমরা খারাপ খেলেছি। দলের কেউই নিজের যোগ্যতা অনুযায়ী খেলতে পারেনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৫৫৫ ঘ.
bdnews24