২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের জালে আবারো ছয় গোল

এএফসি অনূর্ধ্ব-১৯ মেয়েদের ফুটবলের বাছাই পর্বে বাংলাদেশ শেষ ম্যাচেও হেরেছে বড় ব্যবধানে। শুক্রবার বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তাফা কামাল স্টেডিয়ামে ৬-০ গোলে হার মানে ভারতের কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2010, 04:25 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এএফসি অনূর্ধ্ব-১৯ মেয়েদের ফুটবলের বাছাই পর্বে বাংলাদেশ শেষ ম্যাচেও হেরেছে বড় ব্যবধানে। শুক্রবার বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তাফা কামাল স্টেডিয়ামে ৬-০ গোলে হার মানে ভারতের কাছে। চার গোল দেন ভারতের রিনা রায়। একটি করে গোল করেন বিন্দিয়ারানী দেবী এবং নিমা। এর আগে দিনের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-২ গোলে হারিয়ে প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ইরান দ্বিতীয় পর্বে ওঠে। চার দেশের এই প্রতিযোগিতায় বাংলাদেশ তিন ম্যাচে ১৮ গোল খায়। জিততে পারেনি কোনো দলের সঙ্গে। তাই কোনো পয়েন্টও পায়নি। বাংলাদেশ এর আগে ইরানের কাছে ৬-০ এবং জর্ডানের কাছে ৬-১ গোলে হারে। পুরো প্রতিযোগিতায় বাংলাদেশ একটি গোল করে, জর্ডানের বিপক্ষে। সেটি করেন সাবিনা খাতুন। বাংলাদেশের মেয়েরা মূলত দমের অভাবে প্রতিপক্ষের কাছে নাকাল হয়েছে। খেলার প্রথমার্ধে বাংলাদেশ প্রতিপক্ষের সঙ্গে মোটামুটি সমান তালে লড়লেও দ্বিতীয়ার্ধে ভেঙ্গে পড়ে দমের অভাবে। গোলের সংখ্যা আরো বাড়তে পারত, যদি না গোলরক্ষক সাবিনা আক্তার অনেক শট রুখে দিতেন। ভারতের বিপক্ষেও প্রথমার্ধে বাংলাদেশ বলতে গেলে ভালোই খেলেছে। যদিও ভারতের প্রাধান্য নিয়ে বিন্দুমাত্র সন্দেহ ছিল না। ৩৯ মিনিট পর্যন্ত ভারতকে ঠেকিয়ে রেখেছিল। ভারতের পক্ষে প্রথম গোল করেন বিন্দিয়ারানী। দ্বিতীয়ার্ধে দমের অভাবে আবারো ভেঙে পড়ে বাংলাদেশ। আর একের পর এক গোল করতে থাকে ভারত। খেলার ৫৪ মিনিটে নিজের প্রথম গোল করেন রিনা। তারপর ৭৩ থেকে ৭৮, এই পাঁচ মিনিটের মধ্যে আরো তিন গোল দেন। সেই সঙ্গে আদায় করে নেন হ্যাট্রিক। খেলা শেষ হওয়ার চার মিনিট আগে ষষ্ঠ গোল করেন নিমা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/টিআর/এনআই/২২১৬ ঘ.