ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় সেভিয়া ১-১ গোলে ড্র করেছে রেসিং সান্তান্দেরের সঙ্গে। ফলে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ পেয়েও তাকে কাজে লাগাতে পারলো না তারা। এদিকে সেরি 'আ' তে পালেরমোর কাছে ৩-১ গোলে হেরে গেছে জুভেন্টাস।
নিজেদের মাঠে বৃহস্পতিবার খেলার ১৩ মিনিটে পেনাল্টি পায় সেভিয়া। স্পেনের জাতীয় দলের খেলোয়াড় আলভারো নেগ্রেদোর শট ঠিকই আশ্রয় নেয় রেসিংয়ের জালে। কিন্তু ৫৪ মিনিটে রেসিংয়ের রক্ষণভাগের খেলোয়াড় পাবলো পিনিলোস খেলায় সমতা ফেরান। পুরো খেলায় একগাদা গোলের সুযোগ নষ্ট করে সেভিয়া।
আরেক খেলায় ভিলারিয়াল ১-০ গোলে হারায় দেপোর্তিভো লা করুনাকে। জয়সূচক গোলটি করেন ব্রাজিলের আক্রমণভাগের অন্যতম তারকা নিলমার। ভিলারিয়ালের হয়ে এ মৌসুমে চার খেলায় চার গোল করলেন তিনি।
দিনের অপর খেলায় গেটাফে'কে ২-০ গোলে হারায় মালাগা। গোল করেন রনডন এবং আপোনো।
এদিকে ইতালিয়ান সেরি 'আ' তে সাবেক ইউরোপ চ্যাম্পিয়ন জুভেন্টাসের দুঃসময় কাটছেই না। ৩-১ গোলে হেরে গেছে তারা পালেরমোর কাছে। গত সপ্তাহে জুভেন্টাস ৪-০ গোলে হার মানে উদিনেসের কাছেও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এনআই/১৮৫৩ ঘ.
bdnews24