ঢাকা, সেপ্টেম্বর ২৪ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এএফসি অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবলের বাছাই পর্বে ইরান শুক্রবার জর্ডানকে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয় পর্বে উঠেছে।
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তাফা কামাল স্টেডিয়ামে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত নাটকীয়ভাবে জয় তুলে নেয় ইরানের মেয়েরা। গ্র"পের তিন ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ইরান পরের পর্বে উঠলো।
প্রথম ম্যাচে ইরান ৪-২ গোলে হারিয়েছিল ভারতকে। পরের ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে হারায় ৬-০ গোলে।
দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার শুরুতেই জর্ডান চেপে ধরে ইরানকে। ২৪ মিনিটের মধ্যেই তারা এগিয়ে যায় ২-০ গোলে। খেলার ১৫ মিনিটে প্রথম গোল করেন শাহনাজ। ২৪ মিনিটে ব্যবধান বাড়ান তিনিই।
এরপর নড়েচড়ে ওঠে ইরান। জর্ডানের চাপ থেকে বেরিয়ে এসে আক্রমণ শুরু করে তারাও। এর ফলও পায় হাতে-নাতে। ৩৬ মিনিটে একটি গোল শোধ করেন অধিনায়ক জাহারা। প্রথমার্ধে জর্ডান ২-১ গোলে এগিয়েছিল।
দ্বিতীয়ার্ধে আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়ে জমে ওঠে খেলা। গোলের কয়েকটি সুযোগও নষ্ট করে উভয় দল। কিন্তু শেষ হাসি হাসে ইরান।
খেলার ৮৫ মিনিটে গোল করে খেলায় সমতা ফেরান ইরানের থামানে। চার মিনিট পরই জয়সূচক গোলটি করেন কারিমি।
খেলা শেষে মাঠে উল্লাসে মেতে ওঠেন ইরানের খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এটি/টিআর/এনআই/১৮৩৩ ঘ.
bdnews24