ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আসন্ন কমনওয়েলথ গেমসের নিরাপত্তা এবং ক্রীড়া পল্লীর বাজে অবস্থা নিয়ে বিদেশি দলগুলোর উৎকণ্ঠা ও অসন্তোষ এখনো মেটেনি। বেশ কিছু দেশ সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রেখে দল পাঠানো দিনকয়েক পিছিয়ে দিয়েছে।
এদিকে গেমসের প্রস্তুতি নিয়ে সার্বিক অবস্থা খতিয়ে দেখার জন্য আয়োজক কমিটির উর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।
গেমসের প্রধান মাইকেল ফেনেলও দিল্লিতে আসছেন সর্বশেষ পরিস্থিতি খতিয়ে দেখতে। তিনিও জরুরি আলোচনায় বসবেন সংশ্লিষ্টদের সঙ্গে।
কমনওয়েলথ গেমস দিল্লিতে শুরু হবে, ৩ অক্টোবর।
বৃহস্পতিবারই অতিথিদের জন্য খুলে দেয়া হয় গেমসের ক্রীড়া পল্লী। সেখানে সাত হাজার খেলোয়াড় ও অতিথি থাকবেন। অথচ এখনো সব কাজ শেষ হয়নি। ক্রীড়া পল্লী শেষবারের মতো পরিস্কার করতে এক হাজার শ্রমিককে কাজে লাগিয়েছে আয়োজকরা। একই দিন গেমসের নিরাপত্তার ভার বিশেষ কমান্ডো বাহিনী ব্ল্যাক ক্যাটের হাতে তুলে দেয়া হয়।
গেমসের অব্যবস্থায় সর্বশেষ অসন্তোষ প্রকাশ করেছে নিউজিল্যান্ড। তারা পরিস্থিতি বিবেচনা করে নির্ধারিত সময়ের তিনদিন পর দল পাঠানোর কথা জানিয়েছে। অস্ট্রেলিয়া দল পাঠানোর আগে গেমস কর্তৃপক্ষের কাছে নিরাপত্তার শতভাগ নিশ্চয়তা চেয়েছে।
কানাডা এবং স্কটল্যান্ডও তাদের খেলোয়াড়দের পাঠাতে গড়িমসি করছে।
তবে ইংল্যান্ড তাদের অগ্রবর্তী একটি দল বৃহস্পতিবারই পাঠিয়েছে। এছাড়া জ্যামাইকা, নাইজেরিয়া, কেনিয়া এবং দক্ষিণ আফ্রিকা নির্ধারিত সময়েই তাদের দল পাঠাবে বলে সিদ্ধান্ত নিয়েছে।
প্রচার মাধ্যমে বৃহস্পতিবার ক্রীড়া পল্লীর নোংরা বাথরুম, বিছানায় কুকুরের পায়ের ছাপ ইত্যাদির ছবি প্রকাশ করা হয়। তবে ভারতীয় অলিম্পিক কমিটির দাবি, সব সমস্যাই মিটে যাবে গেমস শুরুর আগে। সেই সঙ্গে জোর দিয়ে বলছে, বিশ্বমানের গেমস হবে এটা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০০৯ ঘ.
bdnews24