২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনা, ইন্টার মিলানের জয়

নিজের পুরনো ক্লাবের বিপক্ষে গোল করলেন স্পেনের বিশ্বকাপ তারকা ডেভিড ভিয়া। তার একমাত্র গোলেই বুধবার স্পেনের লা লিগায় মেসিকে ছাড়াই বার্সেলোনা হারিয়েছে স্পোর্টিং গিজনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2010, 11:45 AM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিজের পুরনো ক্লাবের বিপক্ষে গোল করলেন স্পেনের বিশ্বকাপ তারকা ডেভিড ভিয়া। তার একমাত্র গোলেই বুধবার স্পেনের লা লিগায় মেসিকে ছাড়াই বার্সেলোনা হারিয়েছে স্পোর্টিং গিজনকে। দিনের অন্য খেলায় ভালেন্সিয়া ১-১ গোলে অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়েছে। রিয়াল জারাগোজা গোলশুন্য ড্র করে হারকিউলিসের সঙ্গে। লেভেন্তে ১-০ গোলে জিতেছে আলমেরিয়ার বিপক্ষে। ইতালির সেরি 'আ' তে বড় জয় পেয়েছে চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন ইন্টার মিলান। বুধবার তারা ৪-০ গোলে হারায় বারিকে। দু'টি করে গোল করেন স্যামুয়েল ইতো এবং দিয়েগো মিলিতো। তবে পয়েন্ট হারিয়েছে এসি মিলান। ১-১ গোলে ড্র করে লাজিওর সঙ্গে। ইব্রাহিমোভিচ মিলানকে এগিয়ে নিলেও সেই গোল শোধ করেন সার্জিও ফ্লোকারি। নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে এ মৌসুমে প্রথম জয় পেয়েছে বার্সেলোনা। ২৮ বছর বয়সী ভিয়া ১৯৯৯ সালে তার ফুটবল-জীবন শুরু করেছিলেন বাড়ির পাশের ক্লাব স্পোর্টিং গিজনে। ৪৯ মিনিটে তার গোলেই হার মানে তারই সাবেক ক্লাব। এ মৌসুমে ভালেন্সিয়া থেকে ৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনায় যোগ দেন ভিয়া। লা লিগায় নিজেদের মাঠে সর্বশেষ ম্যাচে নবাগত হারকিউলিসের কাছে ০-২ গোলে হেরেছিল বার্সা। এরপর অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে মেসি চোট পেয়ে মাঠ ছাড়েন। ফলে তাকে ছাড়াই মাঠে নামতে হয় বর্তমান চ্যাম্পিয়দের। ম্যাচ শেষে জয়ের নায়ক ভিয়া বলেন, ''মেসি থাকলে অবশ্যই ভালো হতো। কিন্তু আমাদের দলে দুর্দান্ত ফুটবলারের অভাব নেই। কাজেই মেসিকে ছাড়াই আমরা ঠিকই এগিয়ে যাব। গিজন আমাদের বেশ কঠিন পরীক্ষাতেই ফেলেছিল।'' ইতালিয়ান সেরি 'আ'র অন্য খেলায় এএস রোমা ২-১ গোলে হেরে গেছে ব্রেসিয়ারের কাছে। এছাড়া আগের ম্যাচে রোমাকে হারানোর পর চিয়েভো ৩-১ গোলে হারিয়েছে নাপোলিকে। আরেক ম্যাচে কাতানিয়া ২-০ গোলে হারায় সেসেনাকে। জেনোয়া এবং ফিওরেন্টিনার খেলা ১-১ গোলে ড্র হয়। জার্মান বুন্ডেসলিগায় গতবারের রানার-আপ শালকে জিরো ফোর প্রথম পয়েন্ট পেয়েছে ফ্রেইবুর্গকে ২-১ গোলে হারিয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৭৩১ ঘ.