২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসপায়োনলকে উড়িয়ে দিয়ে রিয়াল শীর্ষে

স্পেনের লা লিগায় বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার এসপায়োনলকে উড়িয়ে দিয়েছে তারা ৩-০ গোলে। এর ফলে আপাতত ভালেন্সিয়াকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল হোসে মরিনহোর দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 11:13 AM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার এসপায়োনলকে উড়িয়ে দিয়েছে তারা ৩-০ গোলে। এর ফলে আপাতত ভালেন্সিয়াকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল হোসে মরিনহোর দল। দিনের অন্য খেলায় অ্যাথলেটিকো বিলবাও ৩-০ গোলে হারায় রিয়াল মায়োরকাকে। গোল করেন ডেভিড লোপেজ, ডমনিগুয়েজ এবং ইনিগো পেরেজ। এতে চতুর্থ স্থানে উঠে এলো বিলবাও। আরেক ম্যাচে অসাসুনা ৩-১ গোলে জিতেছে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। লা লিগায় এটাই দলটির প্রথম জয়। ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে রিয়ালের হয়ে গোল করেন তিন তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, গঞ্জালো হিগুয়েন এবং করিম বেনজেমা। খেলার ২৮ মিনিটে সৌভাগ্যের হাত ধরে পাওয়া পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে নেন রোনালদো। মৌসুমে দলের পক্ষে এটি তার দ্বিতীয় গোল। দ্বিতীয় গোল করেন আর্জেন্টিনার হিগুয়েন। খেলার তিন মিনিট বাকি থাকতে ফ্রান্সের বেনজেমা তৃতীয় গোল করেন। হিগুয়েন এবং বেনজেমা, দু'জনেই এ মৌসুমে প্রথম গোল করলেন। ঘরের মাঠে রিয়াল এখনো কোনো খেলায় হার মানেনি। দু'দলই কৌশলের চেয়ে শক্তি প্রয়োগ করে খেলেছে বেশিরভাগ সময়। ফলে তিনজনকে লাল কার্ড দেখাতে হয়েছে। খেলার ৬০ মিনিটে প্রথম লাল কার্ড দেখেন রিয়ালের রক্ষণভাগের খেলোয়াড় পেপে। তিন মিনিট পরই রোনালদোকে ফাউল করে লাল কার্ড দেখেন এসপায়োনলের রক্ষণভাগের খেলোয়াড় আর্নেস্টো গালান। খেলার শেষ দিকে নয় জনের দলে পরিণত হয় এসপায়োনল, হুয়ান ফোরলিন লাল কার্ড দেখায়। মরিনহো তার দলকে খেলিয়েছেন ৪-২-৩-১ পদ্ধতিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এনআই/১৬৫৫ ঘ.