ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে। রোববার তারা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্ল্যাকপুলকে। একই দিন ম্যানচেস্টার সিটি ২-০ গোলে হারিয়েছে উইগানকে।
আরেক ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড দিমিতার বার্বাতভের হ্যাটট্রিকে ৩-২ গোলে হারায় লিভারপুলকে।
অপ্রতিরোধ্য চেলসির বিপক্ষে দাঁড়াতেই পারেনি ব্ল্যাকপুল। তুলে নেয় নিয়মিত জয়। আসলে প্রথমার্ধেই চার গোলে এগিয়ে গিয়ে খেলার ফল নিশ্চিত করে দেয় চেলসি।
প্রিমিয়ার লিগের পাঁচ খেলাতেই জিতল তারা। গোল করেছে ২১টি। তাদের বিপক্ষে গোল হয়েছে মাত্র একটি। আর চলতি মৌসুমে ছয় খেলায় চেলসির গোলসংখ্যা ২৫।
খেলার দ্বিতীয় মিনিটেই প্রথম গোল পায় চ্যাম্পিয়নরা। দিদিয়ের দ্রগবার কর্নার থেকে বল পান ইভানোভিচ। তিনি সেটি বাড়ান সলোমন কালুকে। গোল করতে কোনো সমস্যা হয়নি তার। দ্বিতীয় গোল ফ্লোরেন্ত মালুদার। ক্রস করেছিলেন দ্রগবাই।
তৃতীয় গোলটি নিজেই করেন দ্রগবা। তাকে বল দিয়েছিলেন অ্যাশলে কোল। ৪১ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করেন মালুদা। মধ্যমাঠের এই ফরাসি খেলোয়াড় প্রিমিয়ার লিগে পাঁচ ম্যাচে ছয় গোল করলেন। ৩০ বছর বয়সী মালুদা এই মৌসুমে চেলসির গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন।
দ্বিতীয়ার্ধে বিস্ময়করভাবে আর কোনো গোল পায়নি চেলসি। এর জন্য দ্রগবা দায়ী করেছেন মনোসংযোগের অভাব এবং গোল করার মুহূর্তে ঢিলেমিকে। প্রিমিয়ার লিগের পরের খেলায় চেলসি প্রথমবারের মতো বড় পরীক্ষায় পড়তে যাচ্ছে। তারা মোকাবিলা করবে ম্যানচেস্টার সিটিকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এটি/১৮১৫ ঘ.
bdnews24