২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সা জিতলেও চোট নিয়ে মাঠ ছাড়লেন মেসি

আতলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। কিন্তু রোববার স্প্যানিশ প্রিমেরা লিগার এই জয় হাসি ফুটাতে পারেনি বার্সার সমর্থকদের। কেননা, চোট নিয়ে মাঠ ছেড়েছেন দলের সেরা তারকা লিওনেল মেসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2010, 11:05 AM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আতলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। কিন্তু রোববার স্প্যানিশ প্রিমেরা লিগার এই জয় হাসি ফুটাতে পারেনি বার্সার সমর্থকদের। কেননা, চোট নিয়ে মাঠ ছেড়েছেন দলের সেরা তারকা লিওনেল মেসি। এ খেলায় মেসি বার্সেলোনায় তার এক দশক পুর্তির রেকর্ড নিয়ে খেলতে নেমেছিলেন। খেলায় ডান পায়ের গোড়ালিতে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন দলের সেরা তারকা আর্জেন্টাইন মেসি। ডাক্তাররা জানিয়েছেন গোড়ালির বেশ কয়েকটি পেশী ছিড়ে গেছে তার। ফলে অন্তত দু'সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মেসিকে। জয়ের পর কোচ গার্দিওয়াল বলেন ''ম্যাচ জিতে আমরা খুশি। কিন্তু চিন্তিত মেসিকে নিয়ে। সত্যিই ব্যাপারটা দুঃখজনক। আশা করি ও দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবে।'' খেলা গড়ার কারিগর মেসিকে অবৈধভাবে দৃষ্টিকটু ফাউল করেন আতলেটিকোর চেক প্রজাতন্ত্রের রক্ষণভাগের খেলোয়াড় টমাস উজফালুসি। তারপরই মেসি মাটিতে শুয়ে কাতরাতে থাকেন। ওই ফাউলের জন্য লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়ে টমাসকে। তার আগে ফাউলের জন্যই হলুদ কার্ড দেখেছিলেন তিনি। এই ফাউলের তীব্র সমালোচনা করেছেন গার্দিওয়ালা। বলেছেন ''সবাই দেখেছে ঘটনা কি ঘটেছে। আমার দেখা সৎ ফুটবলারদের মধ্যে অন্যতম মেসি। ও সবসময় পরিস্কার ফুটবল খেলে। ওকে এভাবে ফাউল করাটা রীতিমতো অন্যায়।'' আতলেটিকোর কোচ কুইকি সানচেজ বলেছেন ঘটনার জন্য অনুতপ্ত এবং দুঃখিত টমাস। প্রয়োজনে ও মেসির কাছে ক্ষমা চাইতেও প্রস্তুত। খেলার ১৩ মিনিটে প্রথম গোলটি মেসির। সেই গোল অবশ্য আতলেটিকোর গার্সিয়া শোধ করেন ২৫ মিনিটে। তার সাত মিনিট পরেই বার্সাকে ফের এগিয়ে দেন জেরার্ড পিকে। গত দু'মৌসুম ধরে চোট এড়িয়ে খেলে যাচ্ছিলেন মেসি। গত মৌসুমে বার্সার লা লিগা শিরোপা জয়ের পথে মেসি সর্বাধিক ৪৭ গোল করেছিলেন সব ম্যাচ মিলিয়ে। এবার দলের হয়ে সাত ম্যাচে করেন ছয় গোল। রোববার লা লিগার অন্য ম্যাচে ভ্যালেন্সিয়া ২-১ গোলে হারায় হারকিউলিসকে। ভিলারিয়ালও একই ব্যবধানে জেতে লিভান্তের বিপক্ষে। রেসিং সানতান্দের ২-০ গোলে হারায় রিয়াল জারাগোজাকে আর সেভিয়ার কাছে ২-১ গোলে হেরে যায় মালাগা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/১৬৫১ ঘ.