ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে শনিবার স্প্যানিশ প্রিমেরা লিগায় রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ইংলিশ প্রিমিয়ার লিগে অতিরিক্ত সময়ে গোল খেয়ে আর্সেনাল ১-১ ব্যবধানে ড্র করেছে সান্ডারল্যান্ডের সঙ্গে।
ইতালিয়ান সেরি 'আ' তে বর্ষীয়ান তারকা ফিলিপ্পো ইনজাগির গোলে হার এড়িয়ে কাতানিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে এসি মিলান। আরেক খেলায় লাতসিও ২-১ গোলে হারায় ফিওরেন্টিনাকে।
লা লিগায় প্রতিপক্ষের মাঠে হোসে মরিনহোর দল প্রথম জয় পেলেও রিয়ালের খেলায় সমর্থকদের মন এখনো ভরছে না। সেরা দলই নামিয়েছিলেন কোচ। কিন্তু প্রথমার্ধে সোসিয়েদাদের ছিল দাপট।
৫১ মিনিটে এগিয়ে যায় রিয়াল। ডি মারিয়ার ডান পায়ের দুর্বল শট গোলে ঢুকে যায়। যদিও এর ১০ মিনিট পরেই সমতা ফেরায় সোসিয়েদাদ। গোল করেন তামুদো। ৭৫ মিনিটে ফ্রি কিক পায় রিয়াল। শট নেন রোনালদো। তার শট সতীর্থ পেপের গায়ে লেগে দিক বদলে চলে যায় গোলে।
খেলা শেষে কোচ মরিনহো অবশ্য স্বীকার করেছেন খুব কঠিন একটা ম্যাচ জিতেছেন তারা।
শনিবার লা লিগার অন্য ম্যাচে রিয়াল মায়োরকা ২-০ গোলে হারায় ওসাসুনাকে। এসপায়োনল ১-০ গোলে জেতে আলমেরিয়ার বিপক্ষে। স্পোর্টিং গিজন এবং আথলেটিকো বিলবাওয়ের খেলাটি ২-২ গোলে ড্র হয়।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার আর্সেনাল পয়েন্ট হারিয়েছে। ১-১ গোলে তারা ড্র করে সান্ডারল্যান্ডের সঙ্গে। খেলায় পেনাল্টি মিস করে আর্সেনাল। আবার লাল কার্ড দেখেন অ্যালেক্স সং।
প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলা-বোল্টন, স্টোক সিটি-ওয়েস্টহ্যাম এবং ব্লাকবার্ন-ফুলহ্যামের তিনটি ম্যাচ ১-১ গোলে ড্র হয়। নিউক্যাসল ১-০ গোলে হারায় এভারটনকে। টটেনহ্যাম ৩-১ গোলে জেতে উলভসের বিপক্ষে এবং ওয়েস্ট ব্রমও একই ব্যবধানে হারায় বার্মিংহ্যামকে।
ওদিকে ইতালিয়ান সেরি 'আ' তে ইনজাগি মিলানের হয়ে তার ১২৩ নম্বর গোল করেছেন। তাতেই তারা সানসিরোতে ১-১ গোলে ড্র করে কাতানিয়ার সঙ্গে। মিলানের হয়ে সর্বাধিক ১২৪ গোলের রেকর্ড সাবেক ডাচ তারকা মার্কো ফন বাস্তেনের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/১৬০৭ ঘ.
bdnews24