ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসি মিলান, রিয়াল মাদ্রিদ অতঃপর ইন্টার মিলান। ক্লাব ফুটবলের বৃত্তটা এভাবেই পূরণ হতে চলেছে ব্রাজিলের তারকা কাকার। ইউরোপের দলবদলের বাজারে সর্বশেষ গুঞ্জন, রিয়াল মাদ্রিদ ছেড়ে ইন্টার মিলানে যোগ দিতে চলেছেন তিনি।
আর এমন সম্ভাবনার কথা জানিয়েছেন স্বয়ং ইন্টারের পরিচালক মার্কো ত্রোনচেত্তি। তিনি বলেছেন, ''এ মৌসুমেই যে কোনো সময়ে কাকাকে ইন্টারে দেখা যেতে পারে। আমরা ওর মতো বড় মাপের ফুটবলারকে সবসময়েই দলে পেতে আগ্রহী।''
শোনা যাচ্ছে ইতালিয়ান সিরি 'এ'- তে চিরপ্রতিদ্বন্দ্বি এসি মিলানের সুইডিশ তারকা ইব্রাহিমোভিচকে দলে নেয়ার জবাব হিসেবেই ইন্টার কিনতে চাইছে কাকাকে। আর রিয়ালও ছেড়ে দিতে চায় আক্রমণভাগের এই কারিগরকে।
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে নিজেকে তেমন চেনাতে পারেননি কাকা। ক্লাব ফুটবলেও আর তেমনভাবে জ্বলে উঠতে পারছেন না। ভুগছেন ইনজুরিতেও। তাই কাকাকে নিয়ে বেশ দ্বিধায় রিয়াল। নতুন কোচ হোসে মরিনহো নাকি কাকাকে আর দলে রাখতে চাইছেন না।
শেষ পর্যন্ত কাকাকে তাই বিক্রি করে দেয়ারই সিদ্ধান্ত নিতে যাচ্ছে রিয়াল। ইন্টারের সঙ্গে প্রাথমিক কথাবার্তাও নাকি বেশ এগিয়েছে। মরিনহো নাকি কাকার বদলে ইন্টার থেকে রক্ষণভাগের তারকা আরেক ব্রাজিলিয়ান মাইকনকে রিয়ালে আনতে আগ্রহী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৮৫০ ঘ.
bdnews24