ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেইমারকে পেতে ফের নতুন করে বাজারে নামতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসি। মাঠে এবং মাঠের বাইরে অভব্য আচরণের জন্য ১৮ বছর বয়সী এই ফুটবল প্রতিভাকে জরিমানা করেছে তার ক্লাব স্যান্টোস।
একইসঙ্গে ব্রাজিলের এই বিস্ময়বালককে মনোবিদের সঙ্গে কথা বলার জন্য নির্দেশ দিয়েছে তারা। এ কারনেই নেইমারের ক্লাব বদলের গুঞ্জন নতুন করে শোনা যাচ্ছে।
স্যান্টোস ছেড়ে এ মৌসুমেই চেলসিতে যোগ দেয়ার প্রস্তাব ছিল নেইমারের। কিন্তু বয়স কম এবং ইউরোপের কঠোর পেশাদার ফুটবলে খেলার জন্য তৈরি নয় বলে নেইমারকে ধরে রাখে স্যান্টোস।
তবে গত কিছুদিন ধরেই নেইমারের আচরনে বিরক্ত হয়ে উঠেছে ব্রাজিলের এ ক্লাব।
ব্রাজিলিয়ান লিগে বুধবার স্যান্টোসের খেলা ছিল আতলেটিকো গোয়ানিন্সের বিপক্ষে। সেই খেলায় স্যান্টোস জেতে ৪-২ গোলে। কিন্তু নেইমার তার অভব্য আচরনে সবাইকে বিস্মিত করেন। মাঠে সবার সামনেই নেইমার সমালোচনা এবং অপমান করেন কোচ দোরিভাল জুনিয়রকে।
একই সঙ্গে মাঠে তর্ক জুড়ে দেন অধিনায়ক এডু ড্রাকেনার সঙ্গে। কারণ নেইমারকে একটি পেনাল্টি নিতে দেয়া হয়নি। খেলার শেষ দিকে নেইমার বল পেলে তার কোনো সতীর্থকে পাসও দেননি।
কোচ জুনিয়র বলেন ''আমার সাত বছরের কোচিং জীবনে কোনো খেলোয়াড়কে মাঠে এমন শৃংখলা ভঙ্গ করতে দেখিনি। ব্যাপারটি নিয়ে ক্লাব কতৃপক্ষের ভাবা উচিত।''
পরে অবশ্য এক বিবৃতিতে নেইমার ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়ে নেন কোচ এবং অধিনায়কের কাছে। তবে এর বাইরে আর কিছু বলেননি ব্রাজিলিয়ান ফুটবলের নতুন এ তারকা।
নেইমারের এজেন্ট এবং পরামর্শদাতারা ঘটনাকে পুঁজি করে ফের চেলসির সঙ্গে যোগাযোগ করেছে বলে গুজব রটেছে। শোনা যাচ্ছে চেলসি আসছে গ্রীষ্মেই ফের নেইমারকে পেতে বিশাল অংকের টোপ ফেলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/১৬০৯ঘ.
bdnews24