২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ সপ্তাহের তারকা

ইউএস ওপেন ২০১০ এর পুরুষ এককে চ্যাম্পিয়ন হলেন স্পেনের রাফায়েল নাদাল। এটি তার প্রথম ইউএস ওপেন শিরোপা। এর ফলে ইতিহাসের অষ্টম খেলোয়াড় হিসেবে সবকটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের অনন্য রেকর্ডের খাতায় তিনিও নাম লেখালেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2010, 02:59 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউএস ওপেন ২০১০ এর পুরুষ এককে চ্যাম্পিয়ন হলেন স্পেনের রাফায়েল নাদাল। এটি তার প্রথম ইউএস ওপেন শিরোপা। এর ফলে ইতিহাসের অষ্টম খেলোয়াড় হিসেবে সবকটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের অনন্য রেকর্ডের খাতায় তিনিও নাম লেখালেন। এ বছরটা দারুণ কাটালেন নাদাল। যদিও বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে অ্যান্ডি মারের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তাকে। এরপর ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে রবিন সোদারলিংকে এবং উইম্বলডনে টমাস বার্দিচকে হারিয়ে শিরোপা ঘরে তোলেন তিনি। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনে তিনি সার্বিয়ার নোভাক জকোভিচকে ৬-৪, ৫-৭, ৬-৪ ও ৬-২ গেমে পরাজিত করেন। পুরো টুর্নামেন্টে কোন সেট না হারা নাদাল ফাইনালে জকোভিচের কাছে দ্বিতীয় সেটে হেরে গিয়েছিলেন। তবে এই হার তার শিরোপা জয়ের অন্তরায় হতে পারেনি। শিরোপা জয়ের আনন্দে উচ্ছ্বসিত নাদাল বলেন, "ইউএস ওপেনের এই ম্যাচটিতে আমার জীবনের সেরা খেলাটা খেলেছি। যে কোনো গ্র্যান্ড স্ল্যাম জয়ই আমার স্বপ্ন। তবে ইউএস ওপেন ট্রফি জয়টা একটু আলাদা। কারণ এটাই এতদিন অধরা ছিল।'' নাদালের আট বছরের খেলোয়াড়ি জীবনে এটা তার নবম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। র‌্যাঙ্কিংয়ে তৃতীয় সুইজারল্যান্ডের রজার ফেদেরার রেকর্ড ১৬টি গ্র্যান্ড স্ল্যাম জয় ছাড়িয়ে যাওয়ার পথে আরো একধাপ এগোলেন নাদাল। ২৪ বছর বয়সী এই স্প্যানিশ তারকা নিজে অবশ্য বলেছেন, "১৬ টি গ্র্যান্ড স্ল্যাম এখনো অনেক দূরে।" ২৪ বছর বয়সে ফেদেরার ৬টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছিলেন। নাদাল এ পর্যন্ত ৫টি ফরাসি ওপেন, ২টি উইম্বলডন এবং একটি করে অস্ট্রেলিয়ান ও ইউএস ওপেন শিরোপা জিতেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/এনআই/২০৫০ ঘ.