২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএস ওপেনের শিরোপা নাদালের

ইউএস ওপেনের পুরুষ এককে প্রথমবারের মতো শিরোপা জিতেছেন স্পেনের রাফায়েল নাদাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2010, 08:07 AM

Updated : 25 Aug 2022, 06:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউএস ওপেনের পুরুষ এককে প্রথমবারের মতো শিরোপা জিতেছেন স্পেনের রাফায়েল নাদাল। বৃষ্টির কারণে একদিন পিছিয়ে যাওয়া ফাইনালে বিশ্বসেরা টেনিস খেলোয়াড় নাদাল ৬-৪, ৫-৭, ৬-৪ ও ৬-২ গেমে জেতেন বিশ্বের দ্বিতীয় সেরা খেলোয়াড় সার্বিয়ার নোভাক জকোভিচের বিপক্ষে। ক্যারিয়ারের নবম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতে রজার ফেদেরারের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার পথে নিজেকে এগিয়ে নিলেন তিনি। র‌্যাঙ্কিংয়ে তৃতীয় সুইজারল্যান্ডের রজার ফেদেরার গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন রেকর্ড ১৬টি। ইউএস ওপেনের ট্রফি জিতে চারটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের রেকর্ড এখন নাদালেরও দখলে। টেনিস ইতিহাসে এর আগে সাতজন খেলোয়াড় চারটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপাই জিতেছেন। এই তালিকায় সর্বশেষ যোগ দিলেন নাদাল। এই মুহূর্তে তিনটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপার বর্তমান চ্যাম্পিয়ন নাদাল। বাকি দু'টি হচ্ছে উইম্বলডন এবং ফ্রেঞ্চ ওপেন। শিরোপা জয়ের আনন্দে উচ্ছ্বসিত নাদাল বলেন, "ইউএস ওপেনের এই ম্যাচটিতে আমার জীবনের সেরা খেলাটা খেলেছি। যে কোনো গ্র্যান্ড স্ল্যাম জেতাই আমার স্বপ্ন। তবে ইউএস ওপেনের ট্রফি জেতাটা একটু আলাদা। কারণ এটাই এতদিন অধরা ছিল।'' ২৪ বছর বয়সে নাদাল জিতলেন ৯টি গ্র্যান্ড স্ল্যাম। ওই বয়সে ফেদেরার জিতেছিলেন ৬টি। কিন্তু ২৯ বছর বয়সী ফেদেরারের ক্যারিয়ার এখন নিম্নমুখী। কাজেই টেনিস বোদ্ধারা বলছেন চলতি ফর্ম ধরে রাখতে পারলে নাদাল আরো এগিয়ে যেতেই পারেন। স্প্যানিশ তারকা নিজে অবশ্য বলেছেন, "১৬ টি গ্র্যান্ড স্ল্যাম এখনো অনেক দূরে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/১৪০১ ঘ.