ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ব ফুটবল অঙ্গনে এবার জোর গুজব আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা পর্তুগালের কোচ হতে আগ্রহী।
গত বৃহস্পতিবার পতুর্গাল ফুটবল ফেডারেশন দলের কোচ কার্লোস কুইরোজকে বরখাস্ত করে। তার অধীনে ইউরো ২০১২ এর বাছাই পর্ব চরম বাজেভাবে শুরু করেছে ২০০৪ এর ইউরো রানার্স আপ পর্তুগাল। প্রথম ম্যাচে তারা ৪-৪ গোলে ড্র করে দুর্বল সাইপ্রাসের সঙ্গে। দ্বিতীয় ম্যাচে হেরেই যায় নরওয়ের কাছে।
এরপরই চাকরি যায় ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের সাবেক সহকারী কুইরোজের।
ডিয়াগো ম্যারাডোনার ঘনিষ্ঠতম সহচর, আলেজান্দ্রো মানকুসো এই তথ্য দিয়েছেন। বলেছেন '' ব্যাপারটি সত্য। ডিয়াগো এবং আমি ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কথা বলেছি। পর্তুগালের দায়িত্ব পেলে সেটা আমাদের দুজনের জন্যই দারুণ হবে। এমন চ্যালেঞ্জই নিতে চায় ডিয়েগো। সে তার সম্মতির কথা আমাকে জানিয়েছে। আর সেটাই আমি জানিয়েছি মিডিয়াকে। এখন আমরা যোগাযোগের অপেক্ষায় রয়েছি।''
তবে পর্তুগাল ফুটবল ফেডারেশনের কাছ থেকে এখন পর্যন্ত কোনো সাড়াশব্দ পাননি মানকুসো। তার এই বক্তব্য পর্তুগালের পত্রিকা 'আরবোলা'- তে গুরুত্বের সঙ্গে ছাপা হয়েছে।
২০০৮ থেকে ২০১০ পর্যন্ত আর্জেন্টিনা দলে ম্যারাডোনার সহকারী হিসেবে কাজ করেছেন মানকুসো। বিশ্বকাপে আর্জেন্টিনার ব্যর্থতার পর দুজনেই এখন বেকার। ইতিমধ্যেই ম্যারাডোনাকে কোচ হিসেবে পেতে বেশ কয়েকটি নামী ক্লাবের নাম বাজারে শোনা যাচ্ছে।
তবে মানকুসো বলেছেন ম্যারাডোনা জাতীয় দলের দায়িত্ব নিতেই বেশি আগ্রহী। আর ক্রিশ্চিয়ানো রোনালদোদের কোচ হতে পারলে তিনি খুবই খুশি হবেন। দেশ হিসেবে তার পছন্দের তালিকায় পর্তুগালের নামটা শীর্ষ সারিতেই। '' ম্যারাডোনা সবার জন্যই তার দরজা খোলা রেখেছেন। কেউ প্রস্তাব দিলে তা গুরুত্বের সঙ্গেই বিবেচনা করবেন তিনি''- বলেছেন মানকুসো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২১০২ ঘ.
bdnews24